সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : সুয়াশ শর্মার বোলিং অ্যাকশন দেখলে আপনার মনে পড়ে যেতে বাধ্য লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানিকে। সেরকমই বড় বড় চুল আর মাথায় হেড ব্যান্ড। হিরওয়ানি এভাবেই সাইড আর্ম অ্যাকশনে লেগ স্পিন করতেন।টেস্ট অভিষেক লগ্নে ১৩৬ রানে ১৬ উইকেট পেয়েছিলেন হিরওয়ানি। আর হিরওয়ানির মতই অভিষেকেই মুগ্ধ করলেন, বলা ভালো তাক লাগিয়ে দিলেন সুয়াস শর্মা।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকেই নজর কাড়লেন লেগ স্পিনার সুয়াশ। ভেঙ্কটেশ আইয়ারের বদলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে চার ওভারে তিনটি উইকেট পেলেন তিনি। বিপক্ষ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানদের সম্পূর্ণ বিভ্রান্ত করেই তিরিশ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট । আর এই তিন উইকেটের মধ্যে অন্যতম শিকার ছিল অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা দীনেশ কার্তিকের উইকেট।অথচ ১৯ বছর বয়সী সুয়াশের সে অর্থে এই প্রথম বড় কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতাই নেই সুয়াশের। কে এই সুয়াশ? কীকরে আচমকা কেকেআরে ঢুকে বাজিমাত করলেন এই তরুণ?

সুয়াশ শর্মার সম্পর্কিত বিভিন্ন জীবনীপঞ্জী ঘেঁটে দেখা যাচ্ছে, বর্তমানে দিল্লিতে থাকেন এই ১৯ বছরের তরুণ। আগে বয়স ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে দেখা গেলেও ঘরোয়া কোনো প্রথম শ্রেনীর টুর্নামেন্টে এই প্রথম দেখা গেল। তাঁর জন্ম কোথায়? কোথায় বেড়ে উঠেছেন এই স্পিনার?

একটি সূত্রে জানা যাচ্ছে তাঁর জন্ম ছত্রিশগড়ে। কিন্তু একটি সর্বভারতীয় প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক থেকে তাঁর সম্বন্ধে জানা যাচ্ছে যে ঝাড়খন্ডের অনূর্ধ্ব ১৪ জেলা ভিত্তিক প্রতিযোগিতায় সুয়াশ শর্মার অভিষেক পশ্চিম সিংভুমের বিরুদ্ধে ।ঝাড়খণ্ডের সারাইকেলা খার্সাওয়ান জেলার আদিত্যপুরের স্কুলছাত্র সুয়াশ সেবারও অভিষেক লগ্নে নজর কেড়েছিল। ৬ ওভার ৫ বল করে ১৯ রানে ৯ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই ধরাশায়ী করেছিল সে । সে সময় তাকে নিয়ে লেখালেখি হয়।তার মেন্টাল রাজীব কুমার সিং বলেছিলেন সুয়াশের শেখার ইচ্ছে খুব প্রবল।উল্লেখ্য,নরেন্দ্র হিরওয়ানির সঙ্গে সাদৃশ্যযুক্ত এই লেগ স্পিনারের কিন্তু কোনো আইডল বা আদৰ্শ স্পিনার ছিল না। শেন ওয়ার্ন বা অনিল কুম্বলে যখন খ্যাতির মধ্যগগনে তখন স্কুলছাত্র এই কিশোর পা রাখছে খেলার মাঠে। সেবার ৯ উইকেট পেয়ে সুয়াশের বক্তব্য ছিল, আমি নিজের মত করে বল করি, কাউকে অনুকরণ করি না। অনুনকরণীয় ভাবেই উঠে এলেন সুয়াশ। বিস্ময় ও রহস্য হয়ে।

সত্যি নিষ্পাপ মুখের এই তরুণ রহস্য হয়েই দেখা দিয়েছেন।নীতিশ রানা কিছুদিন আগেও তাকে চিনতেন না। কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাম্পে প্রথম দেখেছেন। দেখে বুঝেছিলেন, এই রহস্যময় লেগস্পিনার লম্বা রেসের ঘোড়া। ম্যাচের শেষে কেকেআর অধিনায়ক রানা জানিয়েছেন, পিচ ড্রাই হচ্ছে দেখেই ভেঙ্কটেশের বদলে সুয়াশকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ দেন । প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে নীতিশকে মোহিত করলেন।বুকে হাত রেখে বললেন, ভরসা রাখতে। এভাবেই প্রথম ম্যাচে তামাম দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের তাক লাগিয়ে দিলেন মাত্র ২০ লাখ টাকা বেস প্রাইজে কেকেআর দলে সুযোগ পাওয়া এই উদীয়মান তারকা সুয়াশ শর্মা ।।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর