Home » জিরোনার সামনে থমকালো বার্সেলোনার বিজয় রথ!

জিরোনার সামনে থমকালো বার্সেলোনার বিজয় রথ!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল:  ভিলারিয়ালের বিপক্ষে রিয়েল মাদ্রিদের হারের সুযোগ নিতে ব্যর্থ কাতালানরা। সোমবার ঘরের মাঠে লিগ তালিকার এগারো নম্বরে থাকা জিরোনার বিপক্ষে মাঠে নামে লিগ তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার । এদিন শুরু থেকে ম্যাচের রাশ ছিল বার্সা ফুটবলারদের পায়ে। ম্যাচের দুই অর্ধ মিলিয়ে বিপক্ষের গোলের দিকে মোট ১৮ টি শট নেন লেওয়া, ফাতি, রফিনহারা। এরমধ্যে মাত্র পাঁচটি শট তিন কাঠির মধ্যে রাখতে সফল হন বার্সেলোনার স্ট্রাইকাররা।

কিন্তু বারবার বার্সার আক্রমণ প্রতিহত হয় জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগার বিশ্বস্ত হাতে। অপরদিকে, জিরোনা বার্সার গোলে শট নেয় পাঁচটি কিন্তু একটিও শট তিন কাঠির মধ্যে রাখতে পারে নি। এই মরশুমে লা লিগায় এখনও পর্যন্ত মোট নয়টি গোল হজম করেছেন জাভিরা। এদিনও শক্তিশালী কাতালান রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ হল জিরোনা।

আরও  পড়ুন   নাটকীয় ম্যাচে লখনউয়ের কাছে হার বিরাটদের

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় গোলের সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির কাছে। কিন্তু গাভির ক্রস থেকে সুযোগ নষ্ট করেন। এরপর ফিরতি শট গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন। খেলার নয় মিনিটের মাথায় বার্সার আক্রমণ প্রতিহত হয় জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগার হাতে। ৩৬ মিনিটেও ফের জিরোনা তিন কাঠির তলায় দুর্ভেদ্য হয়ে ওঠেন জিরোনা গোলরক্ষক। ম্যাচের ৫৩ মিনিটে একটি সহজ সুযোগ পেয়ে যান জিরোনার ভালেন্তিন কাস্তেয়ানোস।

কিন্তু বার্সা গোলরক্ষককে পরাস্ত করেও বল জালে জড়াতে ব্যর্থ হন আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ এই ফুটবলার। এরপর বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল কাতালানরা। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই ড্রয়ের ফলে লিগ তালিকায় বিশেষ কোনও পরিবর্তন হলনা। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষেই রইল জাভির দল। সম সংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অন্সেলোত্তির রিয়েল মাদ্রিদ।

About Post Author