Home » এগিয়ে গিয়েও গোল হজম ড্র করেই সুপার কাপে অভিযান শুরু লাল-হলুদ!

এগিয়ে গিয়েও গোল হজম ড্র করেই সুপার কাপে অভিযান শুরু লাল-হলুদ!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: প্রথমে গোল করে এগিয়ে গিয়েও, রক্ষণের ভুলে গোল হজম করে পয়েন্ট নষ্ট। এটা যেন এমরশুমে অভ্যাসে পরিণত করেছে ইস্টবেঙ্গল। সুপার কাপে নিজদের প্রথম ম্যাচেও চিত্রটার পরিবর্তন হলনা। রবিবার কেরালার মঞ্জেরি পায়েনাদ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার কাপ অভিযান শুরু করে শতাব্দী প্রাচীন ক্লাব। এদিন ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল ওড়িশার। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগও পেয়ে গিয়েছিল তারা। কিন্ত ইস্টবেঙ্গল তেকাঠির তলায় অবিচল থেকে দলের অবধারিত পতন রোধ করেন কমলজিৎ সিং। প্রথমার্ধে প্রায় ৩ থেকে ৪ বার নিশ্চিত গোল বাঁচান তিনি। খেলার গতির বিপরীতে ৩৮ মিনিটে প্রতি আক্রমন থেকে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কনস্ট্যানটাইনের দলের হয়ে গোল করেন মোবাশির রেহমান। দ্বিতীয় পোস্টে লেগে বল জড়িয়ে যায় ওড়িশার জালে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে ওড়িশা এফসি। বাঁদিক থেকে ক্রমাগত আক্রমনে ইস্টবেঙ্গল রক্ষণভাগকে বারবার বেগ দিতে দেখা যায় ওড়িশার তারকা ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিওকে। তবে আবার ওড়িশার সমতাসূচক গোলের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ান ইস্টবেঙ্গল গোলরক্ষক। এছাড়াও ইস্টবেঙ্গল রক্ষণে নির্ভরতা দিলেনে তরুণ ফুটবলার অতুল উন্নিকৃষ্ণান। তবে ম্যাচের ৭৩ মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় ওড়িশা। অতুলকে কাটিয়ে নন্দা কুমারকে দুরন্ত পাস বাড়ান মরিসিও। সেই বল জালে জড়াতে ভুল করেননি নন্দা। রক্ষণ সজাগ থাকলে এই গোল হজম করা থেকে রক্ষা পেতে পারত লাল হলুদ।

আরও পড়ুন  অ্যানফিল্ডে জয় অধরা! লিভারপুলের বিরুদ্ধে ড্র আর্সেনালের

গোল হজমের পর দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফের সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু জার্ভিসের ফ্লিক ওড়িশার পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে পা ছোয়ানোর মত জায়গায় পৌঁছতে পারেননি এই ব্রিটিশ স্ট্রাইকার। ক্লেটন সিলভাও দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। ফলে জেতা ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয় ক্লেটন, মোবাশিরদের। সুপার কাপে পরের ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। গ্রুপের প্রথম ম্যাচে যারা আইজল এফসিকে ২-১ গোলে উড়িয়ে সুপার কাপে অভিযান শুরু করেছে। এখন হায়দরাবাদ ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকেই নজর লাল হলুদ জনতার।

About Post Author