স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: দুরন্ত জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। সোমবার গ্রুপ সি-র ম্যাচে গোকুলাম কেরালাকে ৫-১ গোলে উড়িয়ে দিলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। এটিকে মোহনবাগানের হয়ে জোড়া গোল করলেন লিস্টন কোলাসো, একটি করে গোল করেন হুগো বুমো, মানবীর সিং ও কিয়ান নাসিরি। গোকুলামের হয়ে একটি গোল শোধ করেন সার্জিও মেন্ডিগুটসিয়া।

গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছরের সুপার কাপ অভিযান শুরু করল সবুজ মেরুন ব্রিগেড। কেরালার কোজিকোড়ের ইএমএস স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে জুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে প্রথম গোলটিও আদায় করে নেয় গঙ্গাপাড়ের ক্লাব। গোকুলাম রক্ষণের কিছুটা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে হুগো বুমো পাস দেন বাঁ উইংয়ে অরক্ষিত থাকা লিস্টন কোলাসোকে। এরপর লিস্টনের জোড়ালো শট গোকুলামের গোলকিপারের মাথার উপর থেকে জড়িয়ে যায় জালে। ম্যাচে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। প্রথম গোলের পর যদিও মোহনবাগান ফুটবলারদের আত্মবিশ্বাসের কাছে খড়কুটোর মত উড়ে যায় গোকুলাম ফুটবলাররা। প্রথমার্ধের ২৭ মিনিটে ফের গোল করে সবুজ মেরুনের হয়ে ব্যবধান বাড়ান লিস্টন। বক্সের অনেকটা বাইরে থেকে চোখধাঁধানো শটে গোল করলেন গোয়ানিজ ফুটবলারটি। এরপর প্রথমার্ধের শেষের দিকে মোহনবাগানের হয়ে ব্যবধান ৩-০ করেন হুগো বুমো। কিয়ান নাসিরির পাস থেকে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার।
আরও পড়ুন এগিয়ে গিয়েও গোল হজম ড্র করেই সুপার কাপে অভিযান শুরু লাল-হলুদ!
ম্যাচের রাশ দ্বিতীয়ার্ধেও আলগা করেনি জুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের ৬২ মিনিটের মাথায় ফের গোকুলামের ডিফেন্ডারের পা থেকে বল ছো মেরে আদায় করে নেন বুমো। এরপর বক্সে উঠে পাসটি বাড়ান ডান প্রান্তে কিছুটা অরক্ষিত অবস্থায় থাকা মনবীর সিংকে। মনবীরের মাটি ঘেঁষা শট গোকুকাম গোলরক্ষককে পরাস্ত করে ঢুকে যায় জালে। ৪-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এরপর প্রীতমদের শ্লথ ফুটবলের সুযোগ নিয়ে ম্যাচে ফেরে কেরালার ক্লাবটি। ৭০ মিনিটের মাথায় একটি গোলের ব্যবধান কমান সার্জিও মেন্ডিগুটসিয়া। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি গোকুলাম। বরং ম্যাচের সংযুক্তি সময়ে আরও একটি গোল করে ম্যাচের ফল ৫-১ করেন কিয়ান নাসরি। এই ম্যাচ জিতে একদিকে যেরকম গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গেল এটিকে মোহনবাগান, অপরদিকে গত বছর এফসি কাপে ম্যাচে এই গোকুলমের কাছে ৪-১ গোলে হারার মধুর প্রতিশোধও নিল কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ক্লাব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার