Home » জিতল মুম্বাই , হারল হায়দ্রাবাদ

জিতল মুম্বাই , হারল হায়দ্রাবাদ

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: জমজমাট ম্যাচের ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত তেমন করে জমে উঠল না মুম্বাই আর হায়দ্রাবাদের ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্সের রাখা ১৯৩ রানের টার্গেট তাড়া করে যেভাবে নিজেদের ইনিংসের মাঝপথে ব্যাট চালাচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তখন মনে হচ্ছিল আবার একটা টানটান উত্তেজনার ম্যাচ দেখতে পাওয়া যাবে। হায়দ্রাবাদের অধিনায়ক মার্করামের বিদায়ের পরে দারুণ ভাবে জ্বলে উঠলেন হেনরিখ ক্লাসেন- ও। তাঁর দাপটে ছন্দ হারিয়ে পীযুষ চাওলা নিজের শেষ ওভারের প্রথম পাঁচ বলে ২১ রান দেন।


এই সময় মনে হচ্ছিল জিতে যেতেই পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু নিজের স্পেলের শেষ বলে ক্লাসেন কে আউট করে দেন পীযুষ চাওলা।১৬ বলে ৩৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ক্লাসেন। তাঁর বিদায়ের সামান্য পরেই ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। অতঃপর কেউ আর সেভাবে দাঁড়াতে পারেন নি। নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে ১৭৮ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে নেয় ১৪ রানে। আগে ব্যাট করে মূলত ক্যামেরুন গ্রীনের ৪০ বলে অপরাজিত ৬৪ আর তিলক ভার্মার ১৭ বলে ৩৭ রানের দাপটে পাঁচ উইকেটে ১৯২ রান তুলেছিল মুম্বাই।

আরও পড়ুন    হার দিয়ে মরশুম শেষ করল এটিকে মোহনবাগান


দলের ব্যাটারদের তোলা রান ডিফেন্ড করতে নেমে মুম্বাই বোলাররা এদিন সফল।শেষ পর্যন্ত খেলার শেষ ওভারের পঞ্চম বলে ভুবনেশ্বর কুমার কে ফিরিয়ে দিয়ে খেলার যবনিকা পতন ঘটান শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার। এদিন বেশ কৃপণ হাতে বল করে চোখে পড়লেন মাস্টার ব্লাস্টারের পুত্র। এদিনের জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে তাঁদের দলগত অবস্থান আরও একটু মজবুত করল বলাই বাহুল্য। সমসংখ্যক ৫ টি ম্যাচে ৬ পয়েন্ট পেলেও নেট রানরেটের বিচারে আপাতত টেবিলে তাঁরা কলকাতা নাইট রাইডার্সের চেয়ে একধাপ এগিয়ে গেল ।।

About Post Author