সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: রাজস্থানের রাজশাহী নাকি লখনউয়ের নবাবিয়ানা? জিতবে কে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যখন আইপিএলে বুধবার লড়াই দুই শীর্ষস্থানীয় দলের মধ্যে। ১৬ তম আইপিএলে ব্যাটিংশক্তি ও বোলিংয়ে ভেদশক্তির বিচারে এবং পয়েন্ট টেবিলে অন্য দলের চেয়ে এগিয়ে থাকা দুই দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস এদিন মুখোমুখি হচ্ছে আর দর্শকদের মধ্যে উৎসাহ প্রবল থেকে প্রবলতর হচ্ছে এই ম্যাচটি ঘিরে। কারণ দু দলেই এমন কিছু তারকা রয়েছেন যারা একক শক্তিতে ম্যাচের রং বদলে দিতে পারেন। আর এই সংখ্যা দুদলেই একাধিক। তবে আগের ম্যাচে পাঞ্জাবের কাছে হারতে হয়েছে লখনউকে। এম্যাচ তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। প্রতিপক্ষ প্রবল শক্তিধর।

রাজস্থান রয়্যালস আগের ম্যাচে গুজরাট টাইটান্সকে যেভাবে হারিয়েছে তা থেকে পরিষ্কার কারও একার ওপরে ভরসা করে দাঁড়িয়ে নেই সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।ওপেনে আগের ম্যাচে ব্যর্থ হলেও রানের মধ্যেই রয়েছেন দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল । তাঁদের পরে রয়েছেন সঞ্জু স্যামসান ও সিমরণ হেটমেয়ার। হেটমেয়ার যেন রয়েছেন জীবনের সেরা ফর্মে।এমনকী লোয়ার মিডল বা লোয়ার মিডল অর্ডারে ধ্রুব জুরেল বা রবিচন্দ্রন অশ্বিন দ্রুত রান তোলার ভরসা দিচ্ছেন। এরকম ক্ষেত্রে কতটা চাপে তাঁদের ফেলতে পারেন লখনউয়ের বোলাররা? স্পিন বিভাগে রবি বিষ্ণই বা কৃষ্ণাপ্পা গৌতম থাকলেও লখনউয়ের বোলিং বিভাগে প্রধান অস্ত্র ইংরেজ ফাস্ট বোলার মার্ক উড।

গত ম্যাচে পাঞ্জাবের সঙ্গে হারলেও নবাগত যুধবীর সিং চোখে পড়েছেন। তাছাড়াও রয়েছেন আবেশ খান। ফলে রাজস্থানের ব্যাটারদের কাজটা খুব সহজ হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। যদিও ব্যাটিং শক্তির মতই রাজস্থানের বোলিং বৈচিত্র চোখে পড়ার মত। ট্রেন্ট বোল্ট প্রায় প্রত্যেক ম্যাচের প্রথম ওভারেই বিপক্ষ শিবিরের আঘাত হানছেন। খুব দক্ষতার সঙ্গে অন্য প্রান্ত থেকে চাপ ধরে রাখছেন সন্দীপ শর্মা। আর স্পিন বিভাগ অতুলনীয়। চাহাল -আশ্বিন- জাম্পা যেকোনও দলের বিরুদ্ধে বোলিং বৈচিত্রজনিত কারণে হতে পারেন ত্রাস এবং হচ্ছেনও তাই।

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ
তাঁদের অবশ্যই এ ম্যাচে বড় পরীক্ষার মুখে ফেলে দিতে পারেন কে এল রাহুল -কাইল মায়ার্সে- নিকোলাস পুরান ও মার্কাস স্টোয়নিস। বলাই বাহুল্য, নিকোলাস পুরান ও মার্কাস স্টোয়নিস অস্বাভাবিক দ্রুত গতিতে রান তোলার ক্ষমতা রাখেন। তাছাড়াও লখনউ দলে রয়েছেন দীপক হুডা বা ক্রুনাল পান্ডিয়ার মত বিগ হিটার। আয়ুষ বদনি এবার প্রতি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়ছেন। তাই রাজস্থানের বোলিং রীতিমত পরীক্ষার মুখে পড়তে পারে ভারসাম্যপূর্ণ লখনউ ব্যাটিং শক্তির বিরুদ্ধে ।সবমিলিয়ে এ ম্যাচে জোরদার লড়াইয়ের প্রবল সম্ভাবনা।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়