Home » প্রিমিয়ার লিগে বড় ধাক্কা আর্সেনালের

প্রিমিয়ার লিগে বড় ধাক্কা আর্সেনালের

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,২২ এপ্রিল: জমে গেল প্রিমিয়ার লিগের ম্যাচ। শুক্রবার ভারতীয় সময় মধ্যরাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করল আর্সেনাল। এদিন ম্যাচে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও সমতা ফেরায় আর্সেনাল। ঘরের মাঠে সটনের বিরুদ্ধে এখনও অপরাজেয় আর্সেনাল। অপরদিকে চলতি মরশুমে প্রিমিয়ার লিগের সব দলকে টেক্কা দিলেও সাউদাম্পটনকে হারাতে পারেনি গানার্সরা। এই ম্যাচে জিতলে এবারের খেতাব জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে অনেকটাই পিছনে ফেলে দিতে পারতেন মিকেল আর্তেতার ছেলেরা। তবে এদিন শুরুটা লন্ডনের ক্লাবের বিপক্ষেই হল।

ম্যাচের মাত্র ২৭ সেকেন্ডে গোল খেয়ে যায় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল। গোলকিপার অ্যারন রামসডেলের শিক্ষানবিশি ভুলের সুযোগ নিয়ে সাউদাম্পটনকে এগিয়ে দেন অ্যালকারাজ। বক্সের ভিতরে তাঁর সতীর্থকে পাস দিতে চেয়েছিলেন আর্সেনাল গোলরক্ষক। কিন্তু পাসের গতিপথ বদল হয়ে বল পেয়ে যান সাউদাম্পটনের আলকারাজ। এমন সুন্দর সুযোগ ভুল করেননি তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া শটে রামসডেলেকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। গোলের পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকে আর্সেনাল। আর্সেনালের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে সটন বক্সে। কিন্তু স্রোতের বিপরীতে ফের গোল হজম করে আর্সেনাল। ১৪ মিনিটে আর্সেনালের জালে দ্বিতীয়বার বল জালে জড়ান প্রাক্তন আর্সেনাল তারকা থিও ওয়ালকট।

২ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি লন্ডনের ক্লাবটি। ম্যাচের ২০ মিনিটে আর্সেনালের হয়ে একটি গোল শোধ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টিনেল্লি। এই গোলের পর ফের আক্রমনে ধার বাড়ায় আর্সেনাল। অপরদিকে মাঝে মধ্যে প্রতি আক্রমনে আর্সেনাল বক্সে হানা দেন সাউদাম্পটনের ফরওয়ার্ডরা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফের গোল খেয়ে বসে আর্সেনাল। কালেতা–কারের গোলে সাউদাম্পটন এগিয়ে যায় ৩–১ ব্যবধানে। তবে এদিন হার না মানা আর্সেনালকে দেখল সমর্থকরা। শেষ ১০ মিনিটে আর্সেনালের আক্রমণের সামনে অসহায় মনে হচ্ছিল রুবেন সেলেসের ছেলেদের। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ায় ২ মিনিট আগে আরও একটি গোল শোধ করে আর্সেনাল।

আরও পড়ুন   ইস্টবেঙ্গলে লোবেরা পর্ব অতীত! নতুন কোচের সন্ধানে লগ্নিকারী সংস্থা ও ক্লাব কর্তারা

গোলটি করেন নরওয়ের তারকা মার্টিন ওডেগার্ড। এরপর ৯০ মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন আর্সেনালের ব্রিটিশ উইঙ্গার বুকায়ো সাকা। ম্যাচের সংযুক্তি সময়ে আরও সুযোগ তৈরি করেছিল আর্সেনাল। তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দেন সটন রক্ষণভাগের ফুটবলাররা।  ম্যাচের শেষ ১০ মিনিটে তৈরি হওয়া সুযোগগুলিকেই কাজে লাগতে পারলে এদিন বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়তে পারত তারা। তবে সেগুলি হাতছাড়া হওয়ায় এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হচ্ছে আর্তেতা ব্রিগেডকে।

এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রইল আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। অর্থাৎ পরের দুটি ম্যাচে সিটি জিতলে লিগ তালিকার শীর্ষে চলে যাবে তারা। এখন প্রিমিয়ার লিগের ভবিষ্যত নির্ধারণ করছে আর্সেনাল ম্যানচেস্টার সিটির ম্যাচের উপর।

About Post Author