Home » প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল

সময় কলকাতা ডেস্ক,২৬ এপ্রিল: প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে মোহালির হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার বিকেলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রকাশ সিং বাদল দিন কয়েক আগে বুকে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শ্বাসজনিত সমস্যাও ছিল তাঁর। তাঁকে আইসিইউতে স্থানাতরিত করা হয়েছিল। সেখানেই মারা গেলেন তিনি।

পাঞ্জাবের রাজনীতিতে বাদল পরিবারের অবদান অনস্বীকার্য। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ভাতিন্ডার লাম্বী আসন থেকে ভোটে লড়েছিলেন তিনি। ভোটের ময়দানে এই নিয়ে ১৩ বার লড়াই করেছেন ‘সিনিয়র’ বাদল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আসনে পাঁচ বার বসেছেন। চণ্ডীগড়ের গদিতে শেষ ইনিংস ছিল তাঁর ২০০৭ থেকে ২০১৭। টানা ১০ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন প্রকাশ। কংগ্রেসের পরেই দেশের সব চেয়ে পুরনো রাজনৈতিক দল শিরোমণি অকালি দল। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই দলের সভাপতি ছিলেন তিনি। পাঞ্জাবের রাজনীতিতে প্রকাশ সিং বাদলের ভূমিকা আজও লোকের মুখে মুখে ঘোরে।

আরও পড়ুন    বিদায় নিল বৃষ্টি, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাব তথা ভারতীয় রাজনৈতিক জগতে। এদিন বাদলের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।  বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন,‘প্রকাশ সিং বাদলজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিলেন এবং আমাদের দেশের প্রতি তাঁর বিশেষ অবদান রয়েছে।পাঞ্জাবের চরম সময়ে রাজ্যের অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম।’

About Post Author