Home » মোহালিতে ঈশানে সূর্যোদয়, পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ মুম্বইয়ের

মোহালিতে ঈশানে সূর্যোদয়, পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ মুম্বইয়ের

স্পোর্টস ডেস্ক , সময় কলকাতা, ৪ এপ্রিল:  মোহালিতে পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে মুম্বইয়ের সামনে ২১৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখে পঞ্জাব। কিন্ত ঈশান সূর্যের মাত্র ৫২ বলে শতরানের জুটিতে ভর করে মোহালিতে নতুন নজির গড়ল মুম্বই। ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই শিবির।

আইপিএলের প্রথম পর্বের খেলায় ঘরের মাঠ ওয়াংখেড়েতে পঞ্জাবের বিপক্ষে লড়াই করেও হারতে হয়েছিল মুম্বই পল্টন্সদের। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই বুধবার মাঠে নামেন রোহিত বাহিনী। এদিন টসের সময় বেশ খোশ মেজাজেই দেখা যায় দুই দলের দুই অধিয়ানায়ককে। একটা সময় জাতীয় দলের ওপেনিং জুটির মাঠের বাইরের রসায়নটা যে একই রকম রয়েছে সেই দৃশ্যই ধরা পড়ল ক্যামেরায়। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের  স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক।

আরও পড়ুন  আজকের দিনের গুরুত্ব

ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে প্রভসিমরনের উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে যায় পঞ্জাব। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলের হাল ধরেন শিখর ধাওয়ান ও ম্যাট শর্ট জুটি। ব্যক্তিগত ২০ বলে ৩০ রান করে ফেরেন শিখর। ম্যাট শর্ট করেন ২৬ বলে ২৭ রান। এই দুই ব্যাটারকেই ফেরান পীযূষ চাওলা। এই তিন ব্যাটার ফেরায় লাভই হয় পঞ্জাবের। চতুর্থ উইকেটে ঝড় তোলে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। তাঁদের ১১৯ রানের জুটি পঞ্জাবকে ২০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করে। ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন লিভিংস্টোন। ২৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন জিতেশ। ৩ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে পঞ্জাব।

২১৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম ওভারেই ধাক্কা খায় মুম্বই। প্রথম ওভারেই রানের খাতা না খুলেই ফেরেন রোহিত শর্মা। যদিও এরপর ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান কিষান ও ক্যামেরন গ্রিন। ১৮ বলে ২৩ রান করে গ্রিনকে ফেরান ন্যাথান এলিস। যদিও এরপরের ধাক্কাটার জন্য প্রস্তুত ছিল না পঞ্জাব। ওপেনার ঈশান কিষানের সঙ্গে বাইশ গজে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন মাঠে নেমে এদিন পঞ্জাবের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন মিস্টার ৩৬০ ডিগ্রি।

তৃতীয় উইকেটে ৫৫ বলে ১১৬ রান যোগ করে দলকে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে দেন ঈশান কিষাণ-সূর্যকুমার যাদব জুটি। এরপর ছয় বলের ব্যবধানে ডাগআউটে ফেরেন সূর্য ও ঈশান। সূর্য করেন ৩১ বলে ৬৬ রান ও ঈশান করেন ৪১ বলে ৭৫ রান। এই দুই সেট ব্যাটারকে হারলেও চাপে পড়েনি মুম্বই। দলের হয়ে বাকি কাজটি করেন টিম ডেভিড ও তিলক বর্মা। ১৯ তম ওভারের শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিলক। দুরন্ত ইনিংস খেলে এদিন ম্যাচের সেরা মুম্বই ব্যাটার ঈশান কিষান। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকার ৬ নম্বরে উঠে আইপিএলের শেষ চারের লড়াই জমিয়ে দিল মুম্বই।

About Post Author