স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মে: আইপিএলের মধ্যেই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও চলছে জোর চর্চা। কারণ কেএল রাহুল ও জয়দেব উনাদকাট চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত। এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের উইকেট রক্ষকে দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই। ঋষভ পন্থ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ফের একবার জাতীয় দলের দরজা খুলবে বাংলার ঋদ্ধির সামনে। কিন্তু টেস্টের বিশ্বসেরার লড়াইয়ের জন্য ভারতীয় দলের নির্বাচকরা আস্থা রাখেন তুলনামূলকভাবে অনভিজ্ঞ কে এস ভরতের উপর। আরও একবার ব্রাত্য থাকতে হয় এই মুহূর্তে দেশের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে।

আসন্ন ৭ ই জুন থেকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভালে বসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। যেখানে টেস্টে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। আর ওভালের পেস সহায়ক পিচে উইকেটের পিছনের দায়িত্ব সামলানো মুখের কথা নয়। ভারতীয় নির্বাচকরা ভেবেছিলেন দলের প্রথম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে কে এল রাহুল খেলবেন। এবং ব্যাক আপ হিসেবে থাকবেন ভরত। কিন্তু আইপিএলের মধ্যে রাহুলের অকস্মাৎ চোট, নির্বাচকদের ভাবনায় জল ঢেলে দেয়। এখন প্রশ্ন অনভিজ্ঞ ভরত কি পারবেন সেই গুরু দায়িত্ব পালন করতে? ইতিমধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীরা বাংলার ঋদ্ধির হয়ে সওয়াল করেছেন। আরও একধাপ এগিয়ে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং বলে দিয়েছেন ঋদ্ধি ভারতের সেরা উইকেট রক্ষক। পরিসংখ্যানের বিচারে এই বক্তব্যেরও যথেষ্ট যুক্তি রয়েছে। শুধু ভারতীয় ক্রিকেট মহলই নয়, বিদেশী ক্রিকেট বিশেষজ্ঞ মহলও ঋদ্ধির হয়েই সওয়াল করেছে।
আরও পড়ুন আইপিএলে নতুন ইতিহাস, দুই দলের নেতৃত্বে দাদা ভাই জুটি

এই মুহূর্তে অভিজ্ঞতা ও টেকনিকের বিচারে ভারতীয় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে পারেন দীনেশ কার্তিক ও ঋদ্ধিমান সাহা। কিন্তু ঋদ্ধিকে দলে না নেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের যুক্তি ছিল তাঁর ব্যাটিং দক্ষতা। কিন্তু এই মরশুমে গুজরাটের হয়ে প্রায় প্রতি ম্যাচে উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন বাংলার ঋদ্ধি। প্রথম ১১ ম্যাচে ২৭৩ রান করে ফেলেছেন তিনি। গড় ২৭.৩০। অপরদিকে ব্যাট হাতে আইপিএলে দাগ কাটতে ব্যর্থ কার্তিক। ফলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিবার ঋদ্ধি। গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ক্রিকেটের হেড স্যার রাহুল দ্রাবিড় ঋদ্ধিকে জাতীয় ক্রিকেট থেকে অবসরের কথা চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন। কারণ, ততদিনে ভারতীয় ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করেছেন দিল্লির উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। কিন্তু গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে অনিশ্চিত ঋষভের ক্রিকেট কেরিয়ার। এই সময়ে দাড়িয়ে আবার ঋদ্ধিকে দলে ফেরানোর দাবি জোরদার হচ্ছে। আর বিতর্ক থেকে শত হাত দূরত্ব বজায় করা শান্ত ঋদ্ধির কথায়, ‘আমি চেষ্টা করছি যতটা ভালো করা যায়।’


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত