সময় কলকাতা ডেস্ক,১৬ জুন: বিলম্বিত ‘বোধোদয়’ দিল্লি পুলিশের। অবশেষে কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং ও বিনোদ তোমারের বিরুদ্ধে চার্জশিট জমা দিল্লি পুলিশের । বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে ১০৮২ পাতার চার্জশিট পেশ করা হয় দুই অভিযুক্তের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১০৯, ৩৫৪ ধারায় মহিলাদের হেনস্থা, ৩৫৪এ ধারায় মহিলাদের যৌন হেনস্থা, ৩৫৪ ডি এবং ৫০৬ ধারায় মামলা করা হয়েছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে। অপর এক অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪ এ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
যদিও পকসো মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন উত্তর প্রদেশের এই বাহুবলী সাংসদ। তাঁর বিরুদ্ধে তদন্তে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। তাই দিল্লি পুলিশের তরফ থেকে আদালতে পকসো মামলাটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও নির্যাতিতার বাবার বয়ানের ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী নাবালিকা নিজের বয়ান বদল করেছেন। প্রথম বয়ানে তিনি ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু দ্বিতীয় বয়ানে তিনি স্বীকার করেন মানসিক অবসাদের জেরে তিনি এরকম অভিযোগ করেছেন।

আরও পড়ুন :দুই তারকায় মোহভঙ্গ সবুজ মেরুনের, একাধিক জাতীয় দলের ডিফেন্ডার লাল হলুদ শিবিরে
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দেশে মহিলা কুস্তিবিদরা। তাঁদের অভিযোগ, মহিলা কুস্তিবিদদের দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করছেন ব্রিজভূষণ। অবিলম্বে ভারতীয় কুস্তি সংস্থার পদ থেকে ব্রিজ ভূষণকে অপসারণ ও গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসেন বীনেশ ফোগোট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এমনকী, ব্রিজ ভূষণের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না হলে তাঁদের পদক গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন কুস্তি সংস্থার সভাপতি। গত ২৮ শে এপ্রিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে পকসো-সহ আরও দুটি ধারায় মামলা করা হয় কন্নট থানায়। ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তে সিট গঠন করা হয়। এখনও পর্যন্ত মোট ১৮০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলার আগামী শুনানি হবে ৪ ঠা জুলাই।এবার দিল্লি পুলিশের চার্জশিটের পরে আরও নতুন কোন মোড় আসে তা দেখার।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
অভিষেকের দুয়ারে ইডি