স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুন: জেসন কামিংস, অনিরুদ্ধ থাপা, অ্যান্টোনিও লোপেজ হাবসের পর ফের ‘মাস্টারস্ট্রোক’ মোহনবাগান সুপার জায়ান্টদের। এবার ইউরোতে রোমানিয়ার বিপক্ষে গোল করা এক তারকা ফরওয়ার্ডকে সই করাল সবুজ মেরুন শিবির। কে সেই ফুটবলার জেনে নিন। মরশুম শেষের বিরতি পর্ব চলছে ক্লাব ফুটবলে। এই সময়ে ফুটবলাররা কেউ ছুটিতে ব্যস্ত নিজেদের দেশে, কেউ আবার জাতীয় দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলছেন। আর ক্লাব কর্তারা ব্যস্ত আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজে। সেই কাজে পিছিয়ে নেই গত বছরের ইন্ডিয়ায় সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে দলে নেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের এই মুহুর্তের অন্যতম সেরা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে। দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে ফেরানো হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে।
আরও পড়ুন হলিউডে পা রাখতেই উপেক্ষিত! প্রকাশ্যে আলিয়ার ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার

ভারতীয় ফুটবলে সফল কোচেদের মধ্যে অন্যতম হাবাস। এটিকের হয়ে জিতেছেন দুটি আইএসএল খেতাব। এবার মোহনবাগানে নিজের তৃতীয় ইনিংস শুরু করার পথে ৬৬ বছরের এই স্প্যানিশ কোচ। এখানেই শেষ নয়, আরও বাকি রয়েছে চমকের। ইউরোপের এক স্ট্রাইকারকে এবার দলে পেতে মরিয়া সবুজ মেরুন শিবির। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে আলবেনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার আর্মন্দো সাদিকুকে দলে নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টরা। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তবে দলের আক্রমণভাগের দুর্বলতা অনেক ম্যাচে ভুগিয়েছে গঙ্গাপারের ক্লাবকে। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকে তৎপর মোহনবাগান কর্তারা। এবার দলের আক্রমণভাগে পেত্রাতোস, কামিংসের সঙ্গে আরও এক স্ট্রাইকারকে জুড়ে দিয়ে সেই দুর্বলতা ঢাকতে মরিয়া তাঁরা।

কে এই সাদিকু? আলবেনিয়ার এলবেসনে জন্ম তাঁর। আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশে পেশাদার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে সাদিকুর। দীর্ঘ কেরিয়ারে স্পেনের জনপ্রিয় ক্লাব লেভন্তে, মালাগার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে স্পেনের লা লিগায় দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনায় খেলেন সাদিকু। গত মরশুমে ২৮ ম্যাচ খেলে করেছেন ৮ টি গোল। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও চুটিয়ে খেলছেন। ২০১২ সাল থেকে আলবেনিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। দেশের জার্সি গায়ে খেলেছেন ২৮ টি ম্যাচ। করেছেন ১২ টি গোল।
আরও পড়ুন মোক্তার দাহারিকে টপকে সুনীলের তাড়া মেসি, রোনাল্ডোকে

এরমধ্যে উল্লেখযোগ্য সাত বছর আগে ইউরোতে রোমানিয়ার বিপক্ষে করা গোলটি। সাদিকুর গোলেই রোমানিয়াকে ১-০ ব্যবধানে পরাস্ত করে ইতিহাস সৃষ্টি করেছিল আলবেনিয়া। কারণ, ফিফার টুর্নামেন্টে বলকান দেশের ইতিহাসে এটিই ছিল প্রথম জয় ছিল। এহেন স্ট্রাইকারকে দলে নিয়ে এবার চমক দিল মোহনবাগান। যদিও এখনও পর্যন্ত ক্লাবের তরফে এই খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, আগামী ৩০ জুন সাদিকুর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে তাঁর বর্তমান ক্লাবের। তারপরই মোহনবাগান তাঁকে সই করাবে। কথায় আছে, সকাল দেখে টের পাওয়া যায় দিনের বাকি সময়টা কিরকম যাবে। এই মরশুমের শুরু থেকেই মোহনবাগানের দলবদলের বাজারে সক্রিয়তাও কি সেই ইঙ্গিতই দিচ্ছে? এর উত্তর মিলবে সময়ে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া