সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : নয় নয় করে নয়বার। নবমবারের জন্য গুরপ্রীত সিং সান্ধুর হাত ধরে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। মঙ্গলবার ব্যাঙ্গালোরে ভারত প্রতিযোগিতার ফাইনালে পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে হারিয়ে দিল কুয়েতকে। সাডেন ডেথে নিস্পত্তি হল খেলার । কুয়েত অধিনায়ক খালিদ হাজিয়া-র ডান পায়ে নেওয়া পেনাল্টি শট গুরপ্রীত নিজের বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচাতেই ম্যাচের এবং টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১। প্রসঙ্গত লেবাননকেও সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়েছিল ভারত। সেদিন জয়েও গুরপ্রীতের অবদান ছিল উল্লেখযোগ্য।

২০২৩ সালে যেন সোনায় মোড়া সময় যাচ্ছে ভারতের। তিনটে টুর্নামেন্ট খেলে তিনটেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল লেবানন ও কুয়েতকে। দুটি দলই ভারতের সামনে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বাধার প্রাচীর করে তুলেছিল। সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে লেবাননকে হারিয়ে ফাইনালে খেলতে নেমে শুরু ভারত ভালোই করেছিল। তিন মিনিটের মধ্যে কুয়েতের বক্সে দুবার ঢুকে পড়ে ভারত। এরপরে পাল্টা আক্রমণ করতে শুরু করে কুয়েত। আক্রমণ – প্রতিআক্রমণ নির্ভর খেলায় ১৪ মিনিটে গোল খেয়ে যায় ভারত।ভারতের বাঁ দিক থেকে অপারেট করে কুয়েত পাসিং ফুটবল খেলে গোলমুখ খুলে ফেলে চমৎকার একটি গোল করে যায়।একদা ক্রোয়েশিয়া তথা মদরিচের প্রশিক্ষক ইগর স্টিম্যাচের প্রশিক্ষণে থাকা ভারতীয় দল এরপরে গোল শোধ করতে টেড়েফুঁড়ে আক্রমণ শানাতে থাকে। এক মিনিটের মধ্যে গোল শোধ করে ফেলার জায়গায় পৌঁছে যায় ছাঙ্গতে। এক্ষেত্রে আক্রমণ কোনওক্রমে প্রতিহত করেন কুয়েতের গোলরক্ষক। এরপরে ভারত বেশ কয়েকটি আক্রমণ করলেও কুয়েতও কাউন্টার অ্যাটাক চালায়।গুরপ্রীত ও সন্দেশ তৎপর থাকায় ভারতের বিপদ হয় নি। সুনীল ছেত্রীরা গোল শোধ করার মরিয়া চেষ্টা করলেও বেশ কিছুটা সময় লাগে গোল পেতে । প্রথমার্ধের শেষ দিকে অবশেষে আসে কাঙ্ক্ষিত গোল।কুয়েতের গোলের রিপ্লে যেন ভারতের গোল শোধের মধ্যে ফুটে উঠেছিল । গ্রাউন্ডে পাসিং ফুটবল খেলেই ৩৮ মিনিটে লক্ষ্যভেদ করে ভারত। সাহাল আব্দুল সামাদ ছিলেন গোলের কারিগর। মোক্ষম কাজটি করে যান ছাঙ্গতে। দ্বিতীয়ার্ধে ভারত বেশ কিছু ভালো আক্রমণ তুলে আনলেও গোল পায় নি।খেলা নির্ধারিত সময়ে ১- ১ থাকায় পেনাল্টি শুট আউটে গড়ায় খেলা।

পেনাল্টি শুটআউটে দলনায়ক সুনীল প্রথমে এসে গোল করেন, কুয়েত প্রথম পেনাল্টি মিস করে। এরপরে একেএকে গোল করে যান সন্দেশ ঝিঙ্গন ও ছাঙ্গতে। ৩-২ এ এগিয়ে থাকার সময় উদান্তা সিং পেনাল্টি মিস করেন। ফলাফল ৪-৪ এরকম অবস্থায় নাওরেম মহেশ সিং বাঁ পায়ের টোকায় গোল করে যান। বাকিটুকু ছিল ইতিহাস, যেখানে নায়কের ভূমিকায় ছিলেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। যদিও প্রতিযোগিতার শ্রেষ্ঠ গোলরক্ষকের সম্মান পান বাংলাদেশের আনিসুর রহমান।ফেয়ার প্লে ট্রফি নেপালের।গোল্ডেন বুট আর গোল্ডেন বল দুইই পান ভারতীয় দলের অধিনায়ক ও ফুটবল তারকা সুনীল ছেত্রী।।


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের