Home » নির্বাচক মণ্ডলীর মাথায় ভারতের প্রাক্তন পেসার

নির্বাচক মণ্ডলীর মাথায় ভারতের প্রাক্তন পেসার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুলাই: জল্পনার অবসান। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের মুখ্য নির্বাচক মন্ডলীর দায়িত্ব পেলেন অজিত আগরকর। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগরকরকে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিসিসিআইয়ের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা কমিটি।

ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, সুলক্ষণা নায়েক ও যতীন পরাঞ্জাপে। এই তিনজনের কমিটি আগরকরের সাক্ষাৎকার নিয়েছিলেন। যদিও তাৎপর্যপুর্ণভাবে ভারতের পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার লড়াইয়ে এই মুম্বই নিবাসীর কোনও প্রতিদ্বন্দ্বী ছিলনা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েই ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচকের কুর্সিতে বসতে চলেছেন অজিত আগরকর। তাঁরই নেতৃত্বে আগামী এশিয়া কাপ ও একদিনের বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন    কুয়েতের বিরুদ্ধে ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত

প্রসঙ্গত দীর্ঘদিন এই পদে ছিলেন আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এক স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল চেতনকে। তারপর প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তারপর থেকে মুখ্য নির্বাচকের দায়িত্ব অস্থায়ীভাবে সামাল দেন শিব সুন্দর দাস। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পদটি খালি রাখতে চায়নি ভারতীয় বোর্ড। কারণ চলতি বছরের শেষে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। খোঁজ শুরু হয় নতুন মুখ্য নির্বাচকের দাবিদারের।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলারের সঙ্গে যোগাযোগ করা হয় বোর্ডের পক্ষ থেকে। যিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব সামলিয়েছেন। অজিতকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি মুখ্য নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন রোহিত-বিরাটদের ভাগ্য নির্ধারক বছরে পেতেন ১ কোটি টাকা। সেই বেতনের রশিটিও বাড়ছে বলে খবর বোর্ড সূত্রে।

মুখ্য নির্বাচক হতে হলে, একজন প্রাক্তন ক্রিকেটারকে দেশের জার্সি গায়ে কমপক্ষে ৭টা টেস্ট ও ১০টা একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে হবে। মুখ্য নির্বাচকের পদের জন্য আবেদনের জন্য তাঁকে অন্তত পাঁচ বছর আগে সবরকমের ক্রিকেট থেকে অবসর নিতে হবে। অজিত আগরকর এই সবকটি শর্ত পূরণে সফল হয়েছেন। দেশের জার্সিতে ২৬টি টেস্ট, ১৯১টি ওডিআই ও চারটে টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতের হয়ে জিতেছেন ২০০৭ সালের ২০ ওভারের বিশ্বকাপ। যদিও ২০২০ সালেও এই পদের জন্য আবেদন করেছিলেন অজিত। তবে বোর্ডের পক্ষ থেকে আবেদনে সাড়া দেওয়া হয়নি। তবে, হাল ছাড়েননি মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। এবার মুখ্য নির্বাচক পদে বসার স্বপ্ন পূর্ণ হল।

About Post Author