স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। তবু এখনও তাঁকে নিয়ে ক্রিকেট পাগল জনতার পাগলামিতে ভাঁটা পড়েনি। তিনি এখনও ব্যাট হাতে মাঠে নামলে গোটা স্টেডিয়াম তাঁর নামে জয়ধ্বনি দেয়। তিনি আর কেউ নন। ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার ৪১ টি বসন্ত অতিক্রম করে ৪২ এ পা রাখলেন ভারতীয় জনতার প্রিয় সুপার কুল মাহি।

ভারতীয় ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক পরিচিতি ১৯৮৩ বিশ্বকাপ। কপিল দেবের নেতৃত্বে প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। এর আগে ব্যক্তিগত প্রতিভায় অনেকে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন। কিন্তু দলগত ভাবে সেই প্রথমবার। তারপর থেকে বিভিন্ন উত্থান পতনের সাক্ষী ভারতীয় ক্রিকেট। ২০০৩ সালে ফাইনালে পৌঁছেও বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়নি। তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একঝাঁক তরুণ আশা দেখিয়েছিল দেশবাসীকে। সেই দলই রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৭ সালে বিশ্বকাপে জোড়ালো ধাক্কা খায়। তখনই ভারতীয় ক্রিকেটের থিঙ্ক ট্যাঙ্ক দলের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন শুক্রেও দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

কেননা ওই বছরেই শুরু হয়েছিল ২০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তারুণ্যের উপর ভরসা রাখে ভারতীয় নির্বাচকরা। সেই দলের নেতৃত্ব দেওয়া হয় তুলনামূলক অনভিজ্ঞ ঝাড়খণ্ডের উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করেন মাহি। তাঁর নেতৃত্বে আরও একটি বিশ্বকাপের স্বাদ পায় ভারত। এরপর ভারতীয় ক্রিকেটে শুরু ধোনির অধ্যায়। ২০১১ সালেও ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল একদিনের বিশ্বকাপে সাফল্য পায়। মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য একদিনের বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩ সালে জেতেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির তিন ধরনের টুর্নামেন্ট জয়ের নজির গড়েন মাহি।

সতীর্থ থেকে কোচ সকলের আস্থার নাম মাহি। তাই তো ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন বলেছিলেন, “ধোনি আমার পক্ষে থাকলে, আমি যুদ্ধেও যেতে রাজি।” ভুল বলেননি গ্যারি, চাপের মুখেও যে নির্লিপ্ত থাকা যায়, তা ধোনিকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যদিও মাঠের বাইরের বিতর্ক থেকে শতহাত দূরে থেকেছেন চিরকাল। ২০২০ সালে স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। তবে তিনি সরে গেলেও ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় যে আজও তিনি ভাস্কর তার প্রমাণ মিলেছে শেষ আইপিএলেও। বিশেষ দিনে প্রাক্তন ভারত অধিনায়ককে সময় কলকাতার পক্ষ থেকে শুভেচ্ছা।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?