সময় কলকাতা ডেস্ক,৮ জুলাই : পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ জুড়ে মৃত্যুর মিছিল।মৃত্যু মিছিলে সামিল প্রতিটি রাজনৈতিক দলের কর্মী। শনিবার সন্ধ্যে পর্যন্ত ভোটের দিন ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজনৈতিক সংঘর্ষে আহত অসংখ্য মানুষ। সময় যত বেড়েছে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। হিংসা নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর না থাকাই সন্ত্রাস দমনে ব্যর্থতার কারণ বলে মনে করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
উল্লেখ্য, বেলাগাম সন্ত্রাসের মধ্যে হওয়া ভোটে প্রাণ হারিয়েছেন চারটি প্রধান রাজনৈতিক দলের কর্মী সমর্থক।পঞ্চায়েত ভোটের দিন নিহত ১৬ জনের মধ্যে সিংহভাগই আবার শাসকদলের নেতা – কর্মী – সমর্থক। তৃণমূল কংগ্রেসের ১০ জন নিহত হয়েছেন। বিজেপি, কংগ্রেস ও সিপিএমের দুজন করে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি অশান্তি, প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে।
সার্বিক ভোট অশান্তির আবহে ঘটলেও বিকেল ৫ টা পর্যন্ত ৬৬.২৮ শতাংশ। রাজনৈতিক কর্মীরা আহত বা নিহত হলেও অরাজনৈতিক নিরীহ মানুষকেও হিংসার শিকার হতে হয়েছে। খানাকুলে ভোটের লাইনে গুলি চললে আহত হন তিন ভোটার। ভাঙ্গরে বোমায় আহত হয়েছে শিশুরা। যত্রতত্র হয়েছে ব্যালট ছিনতাই, ব্যালট বাক্সে অগ্নিসংযোগ বা ব্যালট বাক্স বিকল করে দেওয়ার চেষ্টা ।অন্য একটি ঘটনায় নদীয়াতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়।
বেলাগাম এই সন্ত্রাসের জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। তিনি বলেছেন, “ যে কোনও অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। অতঃপর তদন্ত ও গ্রেফতার।আশা করা যায় পুলিশ ব্যবস্থা নেবে।” কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট সংখ্যায় মজুত না থাকার পরিসংখ্যান তুলে ধরে রাজীব সিনহা জানিয়েছেন,” ৬০ হাজার বুথে থাকার কথা থাকলেও সব কেন্দ্রীয় বাহিনী এসে না পৌঁছনোয় শেষ পর্যন্ত চারভাগের একভাগে, প্রায় ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনীকে রাখা সম্ভব হয়েছে।” যথেষ্ট সংখ্যা কেন্দ্রীয় বাহিনী আসছে ও একদফায় ভোট করা সম্ভব বললেও নির্বাচনের দিন মৃত্যুর মিছিল দেখে নির্বাচনের শেষলগ্নে এসে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর না থাকাকেই সন্ত্রাস দমনে ব্যর্থতার কারণ হিসেবে দেখাচ্ছেন রাজিব সিনহা।


More Stories
আরাবুলের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কোন ইঙ্গিত দিচ্ছে? সবুজ ঝড়ের মধ্যেও শাসক দলের অস্বস্তি কোথায়?
পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে শুভেন্দুকে মামলার অনুমতি হাইকোর্টের