Home » মধ্যরাতে শহরে লাল হলুদের হ্যামলিনের বাঁশিওয়ালা

মধ্যরাতে শহরে লাল হলুদের হ্যামলিনের বাঁশিওয়ালা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ জুলাই: ইস্টবেঙ্গল সমর্থকদের অপেক্ষার অবসান। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে  শহরে এসে পৌঁছলেন লাল হলুদের নতুন হেডস্যার কার্লেস কুয়াদ্রাত। শুধু হ্যামলিনের বাঁশিওয়ালা কার্লেসই নন, তাঁর সঙ্গে শহরে পা রাখলেন তাঁর স্বদেশীয় সহকারী দিমাস ডেলগাদোও।

 

সোমবার মধ্যরাতে শহরে পৌঁছবেন কুয়াদ্রাত। সে কথা জানতে পেরেই রবিবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান বন্দরের দখল নেন শতাধিক লাল হলুদ সমর্থক। দেখে মনে হচ্ছিল বাইরের দেশ বা রাজ্য থেকে কোনও বড় ট্রফি জিতে ঘরে ফিরছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল ও কার্লেসের নামে জয়ধ্বনিতে তখন গমগম করছে বিমান বন্দর চত্বর। এই দলটি যে গত দশ বছর দেশের কোনও প্রথম সারির টুর্নামেন্ট জেতেনি, সমর্থকদের উন্মাদনা দেখে বোঝা দায়।

ঘড়ির কাঁটায় তখন যে মধ্যরাত। বিমান বন্দরের টার্মিনাল থেকে বেরিয়ে এলেন ইস্টবেঙ্গলের নতুন অতিথি। গানবাজনা ও করতালিতে নতুন অতিথিকে বরণ করে নিল বিমানবন্দরে উপস্থিত হওয়া সভ্য সমর্থকরা। গলায় লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ও পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হল লাল হলুদের নতুন কোচকে। ক্লান্ত শরীরেও সমর্থকদের ছবি তোলার আবদার মেটালেন। যদিও এদিন সমর্থকরা আরও একটি আবদার করলেন নতুন কোচের কাছে। সেটি ক্লাবের অধরা সাফল্য এনে দিতে হবে। ফের ভারতীয় ফুটবলের প্রথম সারিতে ফিরিয়ে আনতে হবে লাল হলুদকে।

আরও পড়ুন   শতরান করলেন লাবুশানে ,ইংল্যান্ডের জয়ে বাদ সাদছে বৃষ্টি

বিগত কয়েক বছরে ক্লাবের সাফল্য তলানিতে। ইন্ডিয়ান সুপার লিগেও গত তিন মরশুম শেষ করতে হয়েছে নিচের দিকে থেকেই। স্বভাবতই নিজেদের প্রিয় ক্লাবের এই পারফরম্যান্স খুশি করতে পারেনি লালহলুদ সমর্থকদের। তাই মধ্যরাতে শহরের বিমানবন্দরে, ৫৪ বছরের স্প্যানিশ কোচের মধ্যে হ্যামলিনের বাঁশিওয়ালাকে খোঁজার চেষ্টা করছে ইস্টবেঙ্গল অন্ত প্রাণ জনতা।

About Post Author