Home » মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে ধরনায় ‘ইন্ডিয়া’ জোট

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে ধরনায় ‘ইন্ডিয়া’ জোট

সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: সপ্তাহের প্রথম দিনই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। মণিপুরে প্রকাশ্যে দুই আদিবাসী মহিলাকে নিগ্রহের ঘটনায় উত্তপ্ত হয়েছে সংসদের বাদল অধিবেশন। মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সংসদের দুই কক্ষে মুলতুবি প্রস্তাবও দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সোমবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে ধরনায় সামিল বিরোধী শিবির। সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করল বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা। মণিপুরের পরিস্থিতি নিয়েই সরব তাঁরা। হাজির হয়েছেন তৃণমূল সাংসদরাও। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়,কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ দলের প্রায় সব সাংসদকেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে। মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের নীরবতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তাঁরা।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। তাদের ঘিরে ভিড় করে রয়েছে বেশ কিছু পুরুষ। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এমনকী কেন্দ্রের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। এরপরই বুধবার এই ঘটনার পরই ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুন    মণিপুরে মহিলাদের নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

জানা গিয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলাতে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনার পরই সংরক্ষণ ইস্যুতে কুকিদের সঙ্গে মেইতেইদের সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরু হতেই মণিপুরের ঘটনায় তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। তাদের জন্য গোটা দেশ লজ্জিত হচ্ছে। সকল মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ, রাজ্যের আইন ব্যবস্থা আরও কঠোর করুন। দেশের কোনও প্রান্তেই মহিলাদের অসম্মান করা যাবে না। মা-বোনেদের সম্মান রক্ষার্থে যেন কোনও খামতি না থাকে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মহিলাদের সুরক্ষা ও সম্মান রক্ষার ব্যবস্থা করতে হবে।’

About Post Author