স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুলাই: মোহনবাগান ছেড়েছেন প্রীতম কোটাল। দীর্ঘদিন মোহন রক্ষণকে ভরসার আর এক নাম ছিল প্রীতম। প্রীতমের দল ছাড়া মোহনবাগান জনতার কাছে ছিল বড় ধাক্কা। যদিও সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই মোহন শিবিরে আবার ধাক্কা। এবার দল ছাড়লেন অভিজ্ঞ আইরিশ ডিফেন্ডার।আইরিশ ডিফেন্ডার কার্ল ম্যাকহিউকে আগামী মরশুমে দেখা যাবে না সবুজ মেরুন জার্সিতে।
চলতি বছরে ধারে ও ভারে শক্তিশালী দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্টস। ইউরো কাপার, বিশ্বকাপার থেকে দেশের ও বিদেশের প্রথম সারির বেশ কিছু ফুটবলারকে এবার সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে। জেসন, কামিংস, সাদিকু, অনিরুদ্ধ থাপা, সাহাল একঝাঁক তারকার সমাহার হয়েছে পাল-তোলা নৌকায়। আবার সবাইকে চমক দিয়ে দেশ থেকে ফিরে এসেছেন জুভেন্টাস তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্তিনো পোগবা। তারকাদের নিয়ে মোহনবাগান অনুশীলনেও নেমে পড়েছেন কোচ জুয়ান ফেরেন্দো। এত ফুটবলার সই করার মধ্যে ক্লাব ছেড়েছেন গত বছরে ইন্ডিয়ান সুপার লীগ জয়ী এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। প্রীতমকে দলে নিয়েছে কেরালা। সেই ধাক্কা সামলিয়ে নেওয়ার কিছুদিনের মধ্যে আবার ধাক্কা খেলে মোহনবাগান। এবার মোহনবাগান ছাড়লেন কার্ল ম্যাকহিউ। দীর্ঘ চার বছর কলকাতায় কাটানোর পরে মোহনবাগানকে আলবিদা জানালেন আইরিশ ফুটবলারটি। যদিও মোহনবাগান ছাড়লেও আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে দেখা যাবে তাঁকে। আগামী মরশুমের জন্য গোয়া এফসিতে যোগ দিলেন আইরিশ ডিফেন্ডার। ক্লাবের সঙ্গে মৌখিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকহিউ। যিনি রক্ষণের পাশাপাশি রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকাও পালন করতে পারেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এই ফুটবলারকে সই করিয়ে বিদেশী কোটা সম্পন্ন করতে চলেছে গোয়ার ক্লাবটি।
২০১৯ সালে তৎকালীন এটিকেতে যোগদান করেন কার্ল ম্যাকহিউ। তারপর থেকে এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে একাধিক ম্যাচে দলকে নির্ভরতা জুগিয়েছেন এই আইরিশ ফুটবলার। ক্লাবের হয়ে জিতেছেন দুটি ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। ভুল বাঁচানোর পাশাপাশি গোল করাতেও সিদ্ধহস্ত ছিলেন ত্রিশ বছরের আইরিশ ফুটবলার। এরকম নির্ভরযোগ্য ফুটবলার কে হারিয়ে মোহনবাগান খানিকটা বিপাকেই পড়বে মত বিশেষজ্ঞ মহলে।।


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব