Home » ভয়াবহ রেল দুর্ঘটনা পাকিস্তানে! লাইনচ্যুত ১০টি বগি, মৃত ১৫

ভয়াবহ রেল দুর্ঘটনা পাকিস্তানে! লাইনচ্যুত ১০টি বগি, মৃত ১৫

সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। তারই মধ্যে ভয়াবহ রেল দুর্ঘটনা পাকিস্তানে। করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে,রাওয়ালপিন্ডি যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে পড়ে হাজারা এক্সপ্রেসের দশটি বগি। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে আহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের পরিবারের মধ্যে।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার শাহজাদপুর এবং নভাবশাহর মাঝে সাহারা রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এদিন সকালে ট্রেনটি করাচি থেকে থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। সেসময়ই লাইনচ্যুত হয়ে পড়ে ১০টি কামরা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।এই দুর্ঘটনার ফলে ব্যাহত হয়েছে পাকিস্তানের রেল পরিষেবা। বহু জায়গায় দাঁড়িয়ে গিয়েছে দূরপাল্লার ট্রেন। সেইসঙ্গে পাকিস্তানের বেশ কিছু লাইনে আপাতত স্থগিত রাখা হয়েছে ট্রেন চলাচল।

আরও পড়ুন    জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

উল্লেখ্য,গত ২ জুন সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস, যশবন্তপুর -হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯৪ ছাড়িয়ে গিয়েছে। আহত ১২০০ এরও বেশি মানুষ।

About Post Author