Home » গায়ানা টি টোয়েন্টি : সূর্যের শাসন বাইশ গজে

গায়ানা টি টোয়েন্টি : সূর্যের শাসন বাইশ গজে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৯ আগস্ট : গায়ানা জুড়ে আকাশ কয়েকদিন ধরেই একটানা উজ্জ্বল ছিল না । মঙ্গলবার ভারত ওয়েস্টইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়ও আকাশ একটানা পরিষ্কার না থাকায় খেলার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল । মাঝে মাঝে হাল্কা বৃষ্টি হওয়ায় মনে হয়েছিল খেলা থেমেও যেতে পারে যে কোনও সময় । সূর্যের-ই শেষ পর্যন্ত জয় হল।সূর্যের কিরণ খেলাশেষের দিকে । বৃষ্টি আর রোদের পালাবদল চলতে থাকলেও ,গায়ানা ক্রিকেট মাঠ জুড়ে স্বমহিমায় বিচরণ করছিলেন সূর্য কুমার যাদব।ভারতের ব্যাটিং-এর সময় সূর্যের তেজেই ওয়েস্টইন্ডিজ ছারখার হয়ে যায় । যত খেলা এগিয়েছে সূর্যের শাসন তত প্রখর হয়েছে গায়ানা-র বাইশ গজে। গায়ানা দ্বীপপুঞ্জের মাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে  জেতার জন্য ১৬০ রানের টার্গেট ছিল ভারতের সামনে । সূর্য-শাসনে বেগ পেতে হয় নি ভারতকে।১০ টি চার আর ৪ টি ছয় টি সহযোগে ৪৪ বলে ৮৩ রান করলেন সূর্য। টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়া ভারতকে আবার সিরিজে ফিরিয়ে আনলেন তিনি । পাশাপাশি এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা কুড়ি বছরের তরুণ  তিলক ভার্মা যথারীতি দুরন্ত ছন্দে ছিলেন। তিনিও করলেন অপরাজিত ৪৯। সাত উইকেটে ম্যাচ  জিতে নেয় ভারত। টি-টোয়েন্টি সিরিজের  ফল আপাতত ওয়েস্ট ইন্ডিজের অনুকূলে ২-১।ফ্লোরিডার শেষ দুটি ম্যাচ স্থির করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম ১৬ ওভারের মধ্যেই তিন স্পিনার – কুলদীপ, চাহাল ও অক্ষরকে দিয়ে ১২ ওভার করিয়ে নেন।স্পিনারদের মধ্যে সবচেয়ে কৃপণ ছিলেন অক্ষর আর সবচেয়ে প্রভাবশালী ছিলেন কুলদীপ।২৮ রান দিয়ে ৩ উইকেট পান তিনি। ভারতের যাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না, সেই নিকোলাস পুরানকে ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরত পাঠান কুলদীপ। শেষ চার ওভারে ভারতীয় পেসারদের মুকেশ কুমার নিয়ন্ত্রিত বোলিং করলেও  অপর পেসার আর্শদীপ সিংকে এদিন বিভ্রান্ত মনে হয় ওয়েস্ট ইন্ডিজ  অধিনায়ক রোভমান পাওয়েলের সামনে। রোভমান পাওয়েলের ১৯ বলে অপরাজিত ৪০ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেট ১৫৯ রান।

পাল্টা উত্তর দিতে নেমে শুরু মোটেই ভালো হয়নি ভারতের।টেস্টে স্মরণীয় আবির্ভাব ঘটালেও জীবনের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুটির বেশি বল টিকতে পারেন নি যশস্বী জয়সওয়াল। পাশাপাশি, শুভমান গিলের দুঃস্বপ্নের ক্যারিবিয়ান সফর জারি থাকল এই ম্যাচেও ।১১ বলে করলেন ৬ রান। টেস্ট, ওডিআই বা টি-টোয়েন্টি সব ধরনের ফরম্যাট মিলিয়ে  গোটা সফরে একটি একদিনের ম্যাচে ছাড়া সফল নন গিল । দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ায় যে আতঙ্ক গ্রাস করছিল  ভারতীয় শিবিরকে- তার রেশমাত্র  ছিল না নবাগত তিলক ও অভিজ্ঞ সূর্যের ব্যাটিংয়ে। তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ বোলিং কে দেখিয়েছে অসহায়।তাদের জুটির ৫০ বলে তোলা ৮৭ রান ম্যাচের ভাগ্য স্থির করে দেয়। সূর্যের প্রস্থানের পরে  তিলকের সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়া জয়ের বাকি কাজ সম্পন্ন করেন। ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে নেয় ভারত ।।

About Post Author