Home » বিশ্বকাপের শেষ চারে কারা? ভবিষ্যতবাণী করলেন এবি ডেভিলিয়ার্স

বিশ্বকাপের শেষ চারে কারা? ভবিষ্যতবাণী করলেন এবি ডেভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ আগস্ট: ক্রিকেট বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এখন মোটামুটি সব দলগুলি ব্যস্ত প্রস্তুতি সিরিজ খেলতে। ভারতীয় উপমহাদেশের মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। এই সংস্করণে প্রতিযোগী দেশের সংখ্যা ১০ টি। মোট ৪৮ টি ম্যাচ খেলা হবে গোটা টুর্নামেন্টে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৫ অক্টোবর এই ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি নামাঙ্কিত স্টেডিয়ামে। প্রায় দেড়মাস চলার পর এই মাঠেই হবে মেগা ফাইনাল। এই সময় এবি ডেভিলিয়ার্স দলগুলি নিয়ে বিশ্লেষণ করেছেন।এবি ডেভিলিয়ার্স বিশ্বকাপ নিয়ে কার্যত করেছেন ভবিষ্যৎবাণী।

ইতিমধ্যে টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী দলগুলি প্রাথমিকভাবে নিজেদের দল ঘোষণা করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অবসর ভেঙ্গে ইংল্যান্ড দলে প্রত্যাবর্তন করেছেন অলরাউন্ডার বেন স্টোকস। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে উঠছে ক্রিকেট পাগল জনতার। কোন চারটি দল উঠতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে এই নিয়ে চলছে জোর জল্পনা। সেই জল্পনায় এবার ঘি ঢাললেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডেভিলিয়ার্স। কোন চারটি দলকে বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার?

১. অস্ট্রেলিয়া: প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন তিনি। বিগত দিনে বিশ্বকাপের মেগা মঞ্চে এই দলটির থেকে সফল দল আর নেই। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবারও দলে অনেক তারকা রয়েছে।

২. ইংল্যান্ড: গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও রেখেছেন তালিকায়। গতবছর টি ২০ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াই করে ২-২ করেছে। ভাগ্য সহায় হলে সিরিজ জিততেও পারত বেন স্টোকসরা। আক্রমণাত্মক বাজবল ক্রিকেটে বিশ্ব ক্রিকেটার যে নজর কেড়েছে ইংল্যান্ড তা বলার অপেক্ষা রাখে না।

৩. দক্ষিণ আফ্রিকা: তৃতীয় দেশ হিসেবে নিজের দেশকে রেখেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। টুর্নামেন্টে প্রতিবার সেমি ফাইনাল, কোয়ার্টার ফাইনাল অবধি উঠেই ফিরতে হয় প্রোটিয়াদের। সমালোচকরা দিয়েছে চোকার্স তকমা। তাতে কি সেই তকমা ঘুচিয়ে এবার ঘুরে দাঁড়াবে তাঁর দেশ আশাবাদী সুপার ম্যান অফ ক্রিকেট।

৪. ভারত: বর্তমানে খুব একটা ছন্দে নেই। তবুও উপমহাদেশের পিচে প্রতিবারই ভয়ঙ্কর ভারত। এই দলটির মধ্যে সম্ভাবনাময় ক্রিকেটারের সংখ্যা অনেক। বিশ্বকাপের মেগা মঞ্চে শেষ চারে দেখা যাবে মেন ইন ব্লু কে আশাবাদী এবি।

আসন্ন বিশ্বকাপে অনেক প্রাক্তনী শেষ চারে রাখছেন পাকিস্তানকে। সেই তালিকায় নাম রয়েছে গ্লেন ম্যাকগ্রা, ইয়ন মরগ্যানের। তবে, শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে রাখেননি এবি। নিজের ইউটিউব চ্যানেলে পডকাস্টে এক ভক্তের প্রশ্নে নিজের পছন্দের চার দলকে বেছে নিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

About Post Author