Home » চার বছরের নির্বাসনে ভারতের দৌড়বিদ দ্যুতি চাঁদ

চার বছরের নির্বাসনে ভারতের দৌড়বিদ দ্যুতি চাঁদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অগস্ট: চার বছরের নির্বাসন হল ভারতীয় দৌড়বিদ দ্যুতি চাঁদের। নিষিদ্ধ ওষুধ ব্যবহার করার অপরাধে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। তবে সাসপেনশনের মেয়াদকাল নিয়ে কিছু জানানো হয়নি। সাতমাস পর এবার দ্যুতি চাঁদের শাস্তির কথা ঘোষণা করা হল।

২০২২ সালে ৫ ডিসেম্বর ভুবনেশ্বরে ডোপ টেস্টের জন্য দ্যুতির নমুনা সংগ্রহ করে ন্যাশানাল অ্যান্টি ডোপিং এজেন্সি। সেখানে নিষিদ্ধ অ্যানাবলিকের নমুনা পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে প্রথম পরীক্ষায় তাঁর নমুনা থেকে পাওয়া গিয়েছিল অ্যানাবলিক এজেন্ট অস্টারিন, অ্যান্ডারিন ও লিগ্যান্ড্রোল। দ্বিতীয় নমুনাতেও অস্টারিন ও অ্যান্ডারিন পাওয়া গিয়েছিল। সাধারণত ক্রীড়াবিদরা পারফরম্যান্স বাড়াতে এগুলি ব্যবহার করে থাকেন। এই ওষুধগুলিকে অনেকদিন আগেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে নাডা। ফলে এই নিষিদ্ধ ওষুধগুলি নমুনায় পাওয়া যাওয়ার পরই তৎক্ষণাৎ ট্রাকে নামার উপর নিষেধাজ্ঞা জারি হয় দ্যুতির বিরুদ্ধে। যদিও এই নিষিদ্ধ ওষুধ ব্যবহারের কথা অস্বীকার করেন দ্যুতি।

এরপর থেকেই শোনা গিয়েছিল বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতীয় দৌড়বিদকে। তাই ঘটল। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২১ ও ২.২ নম্বর বিধিভঙ্গের জন্য তাঁকে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে এই নির্বাসনের মেয়াদ। শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে। ডোপ পরীক্ষার পরের সময়কাল থেকে যা সাফল্য পেয়েছেন দ্যুতি সেগুলিকে বাতিল হবে। ফিরিয়ে দিতে হবে পাওয়া পদকগুলিকেও। আত্মপক্ষের কথা রাখার জন্য ২১ দিন সময় দেওয়া হয়েছে দ্যুতিকে।

আরও পড়ুন :বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রজ্ঞানন্দ

About Post Author