Home » হাওয়া বদল! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

হাওয়া বদল! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট: সোমবার অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে। একইসঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গত সপ্তাহেই বৃষ্টির কারণে একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। জানা গিয়েছে কলকাতায় তেমনভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে।

 

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার  সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে বেড়েছে ভ্যাপসা গরম। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৮৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। এদিকে,আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

About Post Author