Home » নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ৫  সেপ্টেম্বর:   উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ।  আর এই নিম্নচাপের জেরে সোমবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় দিনভর বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই একনাগাড়ে  মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। যদিও  গত কয়েকদিন ধরেই দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি  বঙ্গবাসীর। জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন     বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

হাওয়া অফিস সূত্রে খবর,  এদিন সকাল থেকেই আকাশ মেঘলা।   কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯৪ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, গুজরাটে সোমবার থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আরও পড়ুন    ধূপগুড়ি উপনির্বাচনের প্রাক মুহূর্তে উত্তেজনা, চলছে চাপানউতোর, পক্ষপাতিত্বের অভিযোগ   

পূর্বাভাস বলছে, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author