Home » ইস্টবেঙ্গলে কি আসবেন প্যালেস্টাইনের সেন্টার ব্যাক!

ইস্টবেঙ্গলে কি আসবেন প্যালেস্টাইনের সেন্টার ব্যাক!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর:  ব্যর্থতার কালো মেঘ কাটিয়ে নতুন সকাল ইস্টবেঙ্গলে। কোচ কার্লেস কুয়াদ্রাতের মগজাস্ত্রে ভর করে এই মরশুমে ঘুরে দাঁড়িয়েছে দল। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও ইস্টবেঙ্গলের খেলা মনে ধরেছে ফুটবল সমালোচকদের। মরশুমের প্রথম টুর্নামেন্টে চার বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়েছে মশাল ব্রিগেড। তারপর মোট চারটি ম্যাচে অপরাজিত থাকার পর ফাইনালে হারতে হয়েছে সেই মোহনবাগানের কাছে। তবুও শক্তিশালী মোহনবাগান দলের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছে তাও যথেষ্ট ইতিবাচক।

তবে ডুরান্ড ফাইনালের পর তাল কাটে কার্লেসের সুখের সংসারে। এসিএলে চোটের জন্য আগামী কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জর্ডন এলসেকে। কিছু দিন পর শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে দলের নির্ভরযোগ্য ফুটবলারের চোট চিন্তায় রেখেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে। জানা গিয়েছে এর আগেও এসিএলে চোট পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। এবারের চোটটা গ্রেড ওয়ান লেভেলের হলেও সতর্ক থাকতে হবে ফুটবলারটিকে। সঠিক বিশ্রাম না পেলে এই চোট মারাত্মক আকার নিতে পারে। সম্পূর্ণ চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে এলসের।

আরও পড়ুন    শেষের দিকে ব্যাটিং ব্যর্থতা নাকি পরিসংখ্যানবিদের অভাব! কিসের জন্য তীরে এসে তরী ডুবল পাঠানদের?

ইতিমধ্যে তাঁর পরিবর্ত ফুটবলারের সন্ধানে রয়েছে ক্লাব। একাধিক নাম রয়েছে তালিকায়। কিন্তু তাঁর মধ্যে যেই নামটা নিয়ে ময়দানে জোর চর্চা চলছে তিনি হলেন মহাম্মেদ সালেহ। মিশরের প্রিমিয়ার লিগের ক্লাব ইস্টার্ন কোম্পানির হয়ে ২০২২ থেকে খেলেন ৩০ বছরের এই ডিফেন্ডার। প্রায় ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারের খেলা অনুধাবন করার ক্ষমতা, বলের উপর নিয়ন্ত্রণ নাকি মনে ধরেছে ক্লাব কর্তাদের। ডিফেন্ডার হলেও গোল করতে সমান পারদর্শী এই ফুটবলার। বর্তমান দলের হয়ে ২৩ ম্যাচ খেলে করেছেন ৯ টি গোল। ক্লাবের পাশাপাশি প্যালেস্টাইনের জাতীয় দলের হয়েও নিয়মিত খেলছেন সালেহ। চলতি বছরের দেশের হয়ে ৩ টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালেহ। তারমধ্যে উল্ল্যেখযোগ্য চিনের বিপক্ষেও খেলেছেন তিনি।

ক্লাব সূত্রের খবর এই ফুটবলারটিকে এলসের পরিবর্ত হিসেবে ভাবছেন ক্লাব কর্তারা। একটি সূত্রের দাবি, ফুটবলারটির সঙ্গে কথাবার্তা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। এলসের বদলে সালেহর লাল হলুদ জার্সি গায়ে চাপানো স্রেফ সময়ের অপেক্ষা। যদিও সূত্রের খবর, এরকম জল্পনা সঠিক নয়। ক্লাবের নজরে থাকলে, এখনও ফুটবলারটির সঙ্গে কথাবার্তা পাকা হয়নি ক্লাবের। এখন ভবিষ্যতে ফুটবলারটিকে ময়দানের অন্যতম প্রধান ক্লাবে দেখা যাবে? সেটা জানতে আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে ক্লাব সমর্থকদের।

About Post Author