Home » দেড় দশক পর মেসির বিরুদ্ধে মহাযুদ্ধের যবনিকা! বড় ঘোষণা রোনাল্ডোর

দেড় দশক পর মেসির বিরুদ্ধে মহাযুদ্ধের যবনিকা! বড় ঘোষণা রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর: প্রায় দেড় দশক! বিশ্ব ফুটবলে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা মহাকাব্য বললেও অত্যুক্তি হয় না। তবে তাঁরা প্রত্যেকে এখন পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে। একজন খেলছেন মার্কিন সকার লিগে আর একজন সৌদি প্রিমিয়ার লিগে। কাদের কথা বলছি? হ্যাঁ ঠিক ধরেছেন। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও অপরজন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ও লড়াই দেখার জন্য রাতের পর রাত ঘুমকে বিসর্জন দিয়েছেন ফুটবল বিশ্ব।

নীরবে কখনও দুটি আলাদা লিগে তো কখনও একই লিগের দুই যুযুধান ক্লাবে নিজেদের লড়াই চালিয়ে গিয়েছেন দুই মহাতারকা। বিশ্বব্যাপী রোনাল্ডো ও মেসি ভক্তরা দুইটি মেরুতে ভাগ হয়ে গিয়েছে। বাকযুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছেন দুই সেনাপতির সৈন্যরা। পরিস্থিতি এরকম যেন মেসি সমর্থকদের রোনাল্ডো নিয়ে ভালো কথা বলা অপরাধ, আবার রোনাল্ডো সমর্থকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যত দিন গড়িয়েছে খেলার মধ্যে দিয়ে তাঁদের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। সাধারণত নিজেদের দ্বৈরথ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুই তারকা। তবু ঠারেঠোরে দুজনেই বুঝিয়ে দিয়েছেন বিনা যুদ্ধে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়বেন না।

আরও পড়ুন   নিম্নচাপের জেরে কলকাতা সহ ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রায় ১৫ বছর প্রথম সারির ফুটবলে একনাগাড়ে এরকম দৃষ্টান্ত বিশ্বফুটবলের ইতিহাসে বিরল। সেই মহাযুদ্ধে হটাৎ যবনিকার ইঙ্গিত। ইঙ্গিত দিলেন স্বয়ং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সংবাদ মাধ্যমকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার সঙ্গে মেসির দ্বন্দ্ব শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ ১৫ বছর আমরা একই মঞ্চ ভাগাভাগি করে নিয়েছি। আমরা বন্ধু। কিন্তু আমরা একে অপরকে সম্মানের চোখে দেখি। ওঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি। দর্শকরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করেছেন। তাঁদেরকে ধন্যবাদ।” এরসঙ্গে আরও একধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন,”আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করলে, মেসিকে ঘৃনা করতে হবে না।” এই মন্তব্য যে সোশ্যাল মিডিয়ার সেনাদের জন্য করেছেন সিআরসেভেন তা বলার অপেক্ষা রাখে না।

About Post Author