Home » ভুটানের নদীর তান্ডবে ক্ষয়ক্ষতি উত্তরবঙ্গে

ভুটানের নদীর তান্ডবে ক্ষয়ক্ষতি উত্তরবঙ্গে

সানি রায়, সময় কলকাতা, ২৯ জুন : হিমালয় থেকে উৎপন্ন  ভারত ভুটান সীমান্ত দিয়ে প্রবাহিত নদীর জলরাশি প্রায়ই বঙ্গে ঢুকে পড়ে। এবারও আলিপুরদুয়ারের উপরখোখলায় ভুটান থেকে প্রবাহিত ভূতআনি নদীর তাণ্ডব, ভুটান থেকে আসা জল গ্রামে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভারত-ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার জয়গাঁওর উপর খোখলা এলাকায় রাতের প্রবল বৃষ্টির পর ভুটান থেকে নেমে আসা ভূতআনি নদীর ফুলে ওঠা জল ভারতীয় গ্রামে ঢুকে পড়েছে । জলের সঙ্গে নেমে আসা পাথর, বালি ও পাথরের কাদায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বহু বাড়ির উঠোন, রাস্তা এবং সুপারি বাগান জল, বালি ও কাদায় ঢেকে গেছে। প্রবল স্রোতে বেশ কয়েকটি সুপারি গাছও ভেসে গেছে। স্থানীয়দের বক্তব্য, সারারাত আতঙ্কে তারা ঘুমোতে পারেননি।

বাসিন্দাদের অভিযোগ, ভুটানের দিক থেকে আসা ভূতআনি নদীর জল এই দিকেই প্রবাহিত হওয়ায় প্রতি বছর ভারী বৃষ্টির সময় নদীর জল সরাসরি উপর খোখলা গ্রামে ঢুকে পড়ে। জলের সঙ্গে নেমে আসা পাথুরে কাদা ও বালি কৃষিজমি এবং সুপারি বাগানেরও ব্যাপক ক্ষতি করছে।

গ্রামবাসীদের আরও অভিযোগ, ভারত-ভুটান সীমান্তের সুরক্ষা প্রাচীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যে কোনও সময় ভেঙে পড়তে পারে। ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

গ্রামবাসীরা প্রশাসনের কাছে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি ভূতআনি নদীর প্রবাহ নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।।

About Post Author