Home » ভারতের বিরুদ্ধে নামার একদিন আগে দল ঘোষণা পাকিস্তানের, হুঙ্কার শাহীনের

ভারতের বিরুদ্ধে নামার একদিন আগে দল ঘোষণা পাকিস্তানের, হুঙ্কার শাহীনের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: এশিয়া কাপের সুপার ফোরের হাই-ভোল্টেজ লড়াই। মুখোমুখি ক্রিকেট ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। যদিও বৃষ্টির কারণে সুপার ফোরের এই ম্যাচ হাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ না হলে ম্যাচটি হবে সোমবার। ম্যাচ রবিবার হোক বা সোমবার তাঁরা যে যথেষ্ট আত্মবিশ্বাসী আবার প্রমাণ করল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার ২০ ঘন্টা আগে নিজেদের প্রথম একাদশের দল ঘোষণা পাকিস্তানের।

একনজরে দেখে নেওয়া যাক, কারা রয়েছেন প্রথম একাদশে…

ফাকার জামান
ইমাম-উল-হক
বাবার আজম (অধিনায়ক)
মহম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক)
সলমন আলি আঘা
ইফতিখার আহমেদ
শাদাব খান (সহ- অধিনায়ক)
ফায়িম আশরাফ
শাহীন শাহ আফ্রিদি
নাসিম শাহ
হ্যারিস রউফ

 

আরও পড়ুন   ভেস্তে যাওয়ার মুখে আরও একটি ভারত-পাক ম্যাচে! প্রশ্নের মুখে আয়োজকদের দূরদর্শিতা

সুপার ফোরের প্রথম ম্যাচে নিরাপদ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছেন বাবররা। ওই ম্যাচের প্রথম একাদশকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত রাখা হয়েছে। দুই ওপেনার হিসেবে দেখা যাবে ফাকার জামান ও ইমাম উল হককে। বাংলাদেশ ম্যাচে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ইমাম। গত ম্যাচে বড় রান করতে পারেননি অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে স্নায়ু চাপের লড়াইয়ে ম্যাচের রং পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এই মুহূর্তে বিশ্বের সেরা একদিনের ব্যাটারের। এছাড়াও রানের মধ্যে রয়েছেন মিডল অর্ডারের আর এক কাণ্ডারি মহম্মদ রিজওয়ান। গত ম্যাচেও রান পেয়েছেন তিনি। যদিও দলের চিন্তা বাড়িয়েছে সহ অধিনায়ক শাদাব খানের ফর্ম। এখনও পর্যন্ত এশিয়া কাপের একটি ম্যাচেও রান পাননি শাদাব।

ক্যান্ডিতে ত্রিফলা পেস বোলিংয়ে ভরসা রেখেছিল পাকিস্তান। শাহীন, নাসিম ও হ্যারিস এই তিন পেস বোলার গত ম্যাচে ভারতের ১০ টি উইকেট নিয়েছিলেন। কলম্বোতে পেস বোলিংয়ের ঝাঁঝ আরও বাড়াচ্ছে পাকিস্তান শিবির। মহম্মদ নওয়াজের পরিবর্তে দলে ঢুকেছেন রানা ফাহিম আশরাফ। বাংলাদেশ ম্যাচে ৭ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেটে পেয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে তাঁকেও দলের সঙ্গে রাখা হয়েছে। রবিবারের মেগা ডুয়েলের আগে ভারতকে আবার হুঁশিয়ারি দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। তাঁর মতে ভারতের বিপক্ষে খেলা একটা অন্যরকম অনুভূতি। তাঁর সঙ্গে তিনি দাবি করেছেন এখনও নিজের সেরাটা দেওয়া তাঁর বাকি রয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে ৪ টি উইকেট নিয়ে একাই ভারতীয় শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন শাহীন। সুপার ফোরে আরও ভালো কিছু করতে মরিয়া এই তরুণ পাক পেসার।

About Post Author