Home » যুক্তরাষ্ট্র ওপেনে নয়া কীর্তি ‘পরবর্তী সেরেনা’ কোকোর

যুক্তরাষ্ট্র ওপেনে নয়া কীর্তি ‘পরবর্তী সেরেনা’ কোকোর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: নতুনের মধ্যে পুরাতনকে খোঁজার বাসনা মানুষের বহু প্রাচীন। ক্রীড়া জগৎ তার ব্যতিক্রম নয়। যেরকম সদ্য কোকো গফের মধ্যে অনেকে খুঁজে পাচ্ছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের ছায়া। এই তুলনাকে আরও প্রবলভাবে উস্কে দিলেন খোদ বছর উনিশের এই মার্কিন টেনিস তারকা। সদ্য সমাপ্ত ১৪৩ তম যুক্তরাষ্ট্র ওপেনে বিজয়ী হলেন কোকো গফ। রবিবাসরীয় ফাইনালে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে। যুক্তরাষ্ট্র ওপেনে শীর্ষ বাছাই শিয়েনটেক বিদায় নেওয়ার পর বিশ্বের এক নম্বর হয়ে এদিন কোর্টে নামেন সাবালেঙ্কা।

ফাইনালে অভিজ্ঞ এই বেলারুশ তারকার সামনে প্রথম সেটে কার্যত দাঁড়াতে পারেননি কোকো। সেট হারতে হয়েছিল ২-৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে যখন দর্শকরা ধরে নিয়েছিলেন, ম্যাচ পকেটে পুড়তে চলেছেন সাবালেঙ্কা। তখনই কঠিন মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচে প্রত্যাবর্তন করেন কোকো। ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান টেনিস কোর্টের বিস্ময় বালিকা। টেনিস বিশেষজ্ঞরা ভেবেছিলেন, তৃতীয় সেটে ম্যাচে ফিরবেন বেলারুশের ২৫ বছরের টেনিস তারকা।

কিন্তু ১৯ বছরের তরুণী বুঝিয়ে দিলেন তিনি অন্য ধাতুতে গড়া। তৃতীয় সেটেও আরও আগ্রাসী দেখাল কোকোকে। তাঁর আগুনে সার্ভিং, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের কোনও জবাব ছিল না সাবালেঙ্কার অস্ত্রভাণ্ডারে। ধারাবাহিকতার অভাব তের পাওয়া গেল সাবালেঙ্কার খেলায়। বিনা চাপে একাধিকবার ভুল করলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচে নিজের আধিপত্য কায়েম করলেন কোকো। পাওয়ার টেনিসে তৃতীয় সেটে ৬-২ ব্যবধানে জিতে চলতি যুক্তরাষ্ট্র ওপেন নিজের নামে করলেন।

আরও পড়ুন   ভারতের বিরুদ্ধে নামার একদিন আগে দল ঘোষণা পাকিস্তানের, হুঙ্কার শাহীনের

এটিই তাঁর জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ১৯৯৯ সালে মাত্র ১৭ বছরের সেরেনা এই কোর্টে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হন। ১৯ বছরের কোকোও একই নজির গড়লেন ১৯ বছর বয়েসে। যে কীর্তি গত ২৪ বছরে আর কোনও টেনিস তারকা করতে পারেননি। খেলার মাঠে পরবর্তী সচিন, পরবর্তী কোহলি, পরবর্তী রোনাল্ডো বা মেসির মত কথাগুলি অপরিচিত নয়। একজন তরুণ যখন নিজের ক্ষেত্রে প্রতিভাত হন, তখন এরকম তুলনা চলে তাঁর পূর্বসূরিদের সঙ্গে। এই লড়াইয়ের চাপ অনেকে সহ্য করতে না পেরে হারিয়ে যান। আবার অনেকে নিজের পূর্বসূরিদেরকেও ছাপিয়ে যান। কোকো কি পারবেন তাঁর পূর্বসূরি সেরেনার সঙ্গে তুলনার চাপ সামাল দিয়ে বিশ্ব টেনিসে রাজ করতে? উত্তর মিলবে ভবিষ্যতে।

About Post Author