Home » স্টাম্পের পিছনে নিজের জায়গা পাকা করছেন রাহুল? শ্রীলঙ্কা ম্যাচে আভাস মিলল

স্টাম্পের পিছনে নিজের জায়গা পাকা করছেন রাহুল? শ্রীলঙ্কা ম্যাচে আভাস মিলল

অর্কজ্যতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। শেষ ৭২ ঘন্টা টানা একদিনের ম্যাচ খেলছেন রোহিতরা। শ্রীলঙ্কা ম্যাচে ক্লান্তিকে উপেক্ষা করে নিজেদের রোজ প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। সেই তালিকায় অবশ্যই রয়েছেন লোকেশ রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের ভূমিকায় নিজেকে আরও পরিণত করছেন রাহুল। তবে কি ভারতীয় শিবিরে নিজেকে উইকেটরক্ষক হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চলেছেন তিনি?২০১৯ সালে জাতীয় দলের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি পরবর্তী ভারতীয় দলে স্টাম্পের পিছনের গুরুদায়িত্ব কে সামলাবেন এনিয়ে চলেছে জল্পনা।

দীনেশ কার্তিক, বাংলার ঋদ্ধিমান সাহা, সঞ্জু স্যামসনের মত একাধিক দাবিদারকে পিছনে ফেলে জাতীয় দলে জায়গাটা অনেকটা পাকা করেছিলেন ঋষভ পন্ত। তবে ভাগ্যের পরিহাসে তিনি আজও মাঠের বাইরে। গত বছর শেষের দিকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন পন্ত। এখনও মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের শেষে ভারতে বসছে বিশ্বকাপের আসর। তার আগে উইকেটরক্ষক বেছে নিতে কালঘাম ছুটেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। কখনও ঈশান কিষান, কখনও সঞ্জু স্যামসনের উপর ভরসা করতে হয়েছে। তবে চোট সারিয়ে ফিরে দলকে ও দলের থিঙ্ক ট্যাঙ্ককে ভরসা জোগাচ্ছেন লোকেশ রাহুল। এশিয়া কাপের ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্যাম্পের পিছনে নিজেকে প্রমাণ করছেন রাহুল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে খুব কার্যকরী ভূমিকা নিতে দেখা গেল তাঁকে। মঙ্গলবার কলম্বোর যে পিচে খেলা হল সেটি স্পিন সহায়ক। জাদেজা-কুলদীপের বল পিচ করার পর মারাত্মক টার্নিং নিচ্ছিল। সেখানে উইকেটের পিছনের কাজটি সহজ ছিল না রাহুলের কাছে। তবে ঠান্ডা মাথায় সেই দায়িত্ব পালন করলেন তিনি। বুমরার বলে নিশাঙ্কার ক্যাচ নিলেন। সব থেকে উল্লেখযোগ্য সাদিরা সমরাবিক্রমার উইকেটটি। আশলঙ্কার সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের রাস্তায় নিয়ে যাচ্ছিলেন সাদিরা। ১৮ তম ওভারে রাহুল কুলদীপকে কিছু একটা নির্দেশ দেন। পরের বলেই স্ট্যাম্প হন শ্রীলঙ্কার ব্যাটার।

আরও পড়ুন    ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে ভাগাভাগি হতে চলেছে আসন, ফাঁকা থাকবে অভিষেকের চেয়ার

ম্যাচের শেষে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরকার প্রশ্ন করেন, তিনি কুলদীপকে কি বলেছিলেন। জবাবে রাহুল জানান, “আমি কুলদীপের কৃতিত্ব নিতে চাই না। ও সঠিকভাবে কাজটি করেছে। আমি শুধু একটা ছোট্ট বার্তা দিয়েছিলাম” রাহুল কৃতিত্ব নিতে না চাইলেও উইকেটের পিছনে তাঁর ভূমিকা চোখ এড়ায়নি ক্রিকেটপ্রেমীদের। আশলঙ্কার ক্যাচটিও এদিন গ্লাভসবন্দী করেন রাহুল। এমনকি ডিআরএস নেওয়ার ক্ষেত্রে উইকেটরক্ষকের একটি বিশাল ভূমিকা থাকে। মঙ্গলবার সেই ভূমিকাতেও স্টার মার্কস নিয়ে পাস করলেন রাহুল। বিশ্বকাপের আগে ব্যাটারের পাশাপাশি রাহুলের এই ফর্ম নির্বাচকদের চিন্তা কিছুটা কমাবে বলেই ধারণা ক্রিকেট মহলের।

About Post Author