Home » এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা, এগিয়ে কোন দল?

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা, এগিয়ে কোন দল?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ সেপ্টেম্বর: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি দুই দল। এই মুহূর্তে আইসিসি একদিনের ক্রমতালিকার ৩ নম্বর দল ভারত। শ্রীলঙ্কা রয়েছে তালিকার অষ্টম স্থানে।

অতীতে দুই দলের সাক্ষাৎ: এই দুই দেশ এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে মোট ১৬৬ বার। দুই দেশের সাক্ষাতে পাল্লা অনেকটা ভারি ভারতের। মোট ৯৭ টি ম্যাচ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ৫৭ টি ম্যাচ। ১১ টি ম্যাচে খেলা থেকেছে নিস্ফলা। ১ টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

এশিয়া কাপে ফাইনালে কিভাবে পৌঁছল দুই দল?

এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে নেপালকে হারায় ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ গ্রুপের দ্বিতীয় বাছাই দল হিসেবে সুপার ফোরে পৌঁছয় রোহিতরা। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয় ভারতকে। অপরদিকে, বি গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারায় শ্রীলঙ্কা। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ জিতলেও ভারতের কাছে হারতে হয় লঙ্কা বাহিনীকে।

 

আরও পড়ুন: https://samaykolkata.com/2023/09/17/shaheen-shah-afridi-really-slapped-babar-azam/

পিচ ও আবহাওয়া:

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। তবে পিচে টার্ন থাকায় বাড়তি সুবিধে পাবেন স্পিনাররা। এই পিচে প্রথমে ব্যাটিং করা দলের গড় ২১৪। সেক্ষেত্রে টসে জিতে ফিল্ডিং নিতে পারে দুই দলের অধিনায়করা। এশিয়া কাপে বেশিরভাগ ম্যাচে এবার অন্তরায় হয়েছে বৃষ্টি। ভারত পাক ম্যাচ দুবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আবহবিদরা রবিবার কলম্বোয় বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন। সন্ধ্যে বেলার পর থেকে বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

ভারতের জন্য প্রধান ফ্যাক্টর :

গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। বিশেষত রানের মধ্যে রয়েছে ভারতীয় ব্যাটিংয়ের টপ ও মিডল অর্ডার। পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে ভারতীয় শিবির। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকেও সুপার ফোরে হারিয়েছেন রোহিতরা। শুধু তাই নয় যে স্টেডিয়ামে খেলা হবে সেখানে ভারতের অতীত রেকর্ড যথেষ্ট সমীহযোগ্য। তবে, ভারতীয় শিবিরকে চিন্তায় রাখবে লঙ্কার স্পিন বোলিং। বেল্লালাগে, আশলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে বিপাকে পড়তে হয় ভারতীয় ব্যাটারদের। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথমবার স্পিনারদের হাতে দশ উইকেট হারাতে হয় ভারতকে।

শ্রীলঙ্কার জন্য ফ্যাক্টর :

পাকিস্তানকে পিছনে ফেলে ফাইনালে উঠে এসেছেন দাসুন শনাকারা। দলের ব্যাটাররা রানের মধ্যে রয়েছেন। তবে ভারতের বিরুদ্ধে তাঁদের বাজি স্পিন বোলিং আক্রমণ। গত ম্যাচে বেল্লালাগে, আশলঙ্কা, ধনঞ্জয় সিলভারা ভারতীয় ব্যাটারদের বেশ বিপাকে ফেলে দেন। ঘরের মাঠে স্পিন বোলিংকে কাজে লাগিয়ে ফের ভারতকে টক্কর দেওয়ার চেষ্টা করবে লঙ্কা শিবির। তবে সুপার ফোরের ম্যাচ দিয়ে ফাইনাল ম্যাচকে বিচার করা উচিত হবে না। ভারতীয় শিবিরে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা ম্যাচের রং যেকোনো সময় বদলে দিতে পারেন।

পাঁচ বছর আগে বাংলাদেশকে হারিয়ে শেষবার এশিয়া কাপ জেতে ভারত। ওটাই ভারতের শেষ আন্তর্জাতিক ট্রফি। পাঁচ ট্রফি বছরের খরা কাটিয়ে রেকর্ড অষ্টম বারের জন্য দ্বীপরাষ্ট্র থেকে এশিয়া কাপের ট্রফি ঘরে নিয়ে আসবে ভারত? নাকি,ঘরের মাঠে ভারতকে হারিয়ে সপ্তমবারের জন্য এশিয়া সেরা হবে শ্রীলঙ্কা? উত্তর মিলবে আর কিছু সময় পর।

About Post Author