Home » প্রিমিয়ার লিগে জয় লিভারপুল-ম্যান সিটি-টটেনহ্যামের, হার ইউনাইটেডের

প্রিমিয়ার লিগে জয় লিভারপুল-ম্যান সিটি-টটেনহ্যামের, হার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত ম্যাঞ্চেস্টার সিটির। শনিবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে স্বস্তির জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে যদিও জেমস ওয়ার্ড প্রাউসির গোলে এগিয়ে যায় হ্যামার্সরা।

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি গত মরশুমের ত্রিমুকুট জয়ী সিটি। সহজ সহজ গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় আকাশী শিবির। ৪৬ মিনিটে ম্যাচে সমতা ফেরান বেলজিয়ান উইঙ্গার ডকু। এই মরশুমে রিয়াদ মাহরেজের জায়গায় এই ফুটবলারকে সই করিয়েছে সিটি। সমতাসূচক গোলটির সন্ধান পাওয়ার পর আক্রমণে ঝাঁঝ আরও তীব্র করে তাঁরা। ৭৬ মিনিটে বের্নাডো সিলভা এগিয়ে দেয়। ৮৬ মিনিটে তৃতীয় গোল করে ৩ টি পয়েন্ট নিশ্চিত করেন সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড এই মরশুমে ৫ ম্যাচে ইতিমধ্যে ৭ গোল করে ফেলেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা, এগিয়ে কোন দল?

প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে লিভারপুল। উলভসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইউরেগন ক্লপের দল। ম্যাচের শুরুতে হোয়াংয়ের গোলে এগিয়ে যায় উলভস। প্রথমার্ধে খেলার স্কোরবোর্ড অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোলের মরিয়া চেষ্টা চালাতে থাকে লিভারপুল। ম্যাচের ৫৫ মিনিটে স্কাউসার্সদের হয়ে সমতা ফেরান ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো। ম্যাচের শেষ ৬ মিনিটে দেখা যায় সালাহ জাদু। ৮৫ মিনিটে সালাহর অনবদ্য থ্রু থেকে গোল করে দলকে এগিয়ে দেন রবার্টসন। ম্যাচের সংযুক্তি সময়ে আত্মঘাতী গোলে ব্যবধান ৩-১ করে লিভারপুল।

সিটি ও লিভারপুলের জয়ের দিন ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১-৩ গোলে হেরে গেল এরিক টেন হ্যাগের দল। এই মরশুমে ৫ ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচে হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টারের লাল ব্রিগেড। ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করেন পাস্কাল গ্রোস। ৭১ মিনিটে ব্যবধান ৩-০ করেন পেদ্রো। ৭৩ মিনিটে অনবদ্য গোল করে একটি গোল শোধ করেন ইউনাইটেডের মেজব্রি।

শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম। ৭৩ মিনিটে পিছিয়ে পড়েও সংযুক্তি সময়ের জোড়া গোলে ম্যাচ জেতে স্পার্স। তাঁদের জোড়া গোলদাতা রিচর্লিসন ও কুলাসেভস্কি। সেন্ট জেমস পার্কে ক্যালাম উইলসনের করা পেনাল্টির গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।

About Post Author