স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: তিনি ফুটবলের বরপুত্র। তাঁর পায়ে ছোঁয়ায় কথা বলে ফুটবল। তিনি লিওনেল মেসি। গত দুই দশকে তাঁর মত ফুটবলার বিশ্ব ফুটবল দ্বিতীয়টা দেখেনি। সেই লিওনেল মেসিকে এবার দেখা গেল সম্পূর্ণ অন্য ভূমিকায়। মাঠের মধ্যে বল পায়ে জাদু দেখানো মেসিকে দেখা গেল সাইডলাইনের ধারে কোচিংয়ের ভূমিকায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মেসি ভক্তদের মধ্যে কৌতুহল, তাহলে কি তাঁদের প্রিয় তারকা এবার কোচিংয়ে আসতে চাইছেন? তবে কোন দলকে কোচিং করালেন লিও?

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে, এখন লিওনেল মেসি উত্তর আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। শুধু খেলছেন বললে তাঁর প্রতি সুবিচার হবে না। প্রতি ম্যাচে গোল করছেন, গোল করাচ্ছেন, দর্শনীর সব পাসে সমর্থকদের মন মাতাচ্ছেন। যা শেষের প্রায় ১৬/১৭ বছর তিনি করে আসছেন। ইউরোপের ফুটবলের পর আমেরিকার সকারেও নিজেকে মানিয়ে নিয়েছেন এলএমটেন।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে জয় লিভারপুল-ম্যান সিটি-টটেনহ্যামের, হার ইউনাইটেডের
মেসির সঙ্গে মার্কিন মুলুকে নিজেদের মানিয়ে নিয়েছে তাঁর পরিবার। দক্ষিণ আমেরিকার লিও এখন পুরোপুরি উত্তরের। সম্প্রতি মেসির পুত্র থিয়াগো ইন্টার মিয়ামির অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন। তারকারা যে ক্লাবে খেলেন, তাঁদের সন্তানরাও সেই ক্লাবের অ্যাকাডেমি বা যুব দলে খেলে থাকেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন জুভেন্টাস ক্লাবে ছিলেন তখন ছোট রোনাল্ডো খেলতেন জুভেন্টাসের অ্যাকাডেমিতে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো প্রত্যাবর্তন করলে তাঁর পুত্র যোগ দেন ইউনাইটেডের অ্যাকাডেমিতে। এই নিয়ম বেশ কয়েক বছর ধরে চলে আসছে ইউরোপীয় ফুটবলে। সেই ধারা বজায় রেখে ইন্টার মিয়ামির অ্যাকাডেমিতে খেলেন লিওর জ্যেষ্ঠ পুত্র থিয়াগো মেসি। শনিবার অ্যাকাডেমির একটি খেলায় ছেলেকে নির্দেশ দিতে কোচের ভূমিকায় দেখা গেল এলএমটেনকে।

পরনে সাদা টি-শার্ট ও নেভি ব্লু হাফ জিন্স ও হাতে পানীয় নিয়ে কোচের ভূমিকায় দেখা গেল আর্জেন্টিনার মহাতারকাকে। ফুটবল জীবন শেষ করে কোচিং করিয়েছেন বহু তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জিনেদিন জিদান, দিয়েগো মারাদোনা, বেকেনবাউয়ার- সহ একাধিক কিংবদন্তি। সেই তালিকায় কি ভবিষ্যতে যুক্ত হবে মেসির নাম? অপেক্ষায় থাকবে মেসি সমর্থকরা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়