Home » নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর:  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। তবে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

আরও পড়ুন    রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত, টানাপোড়েনে জিতেও বিধায়ক পদে শপথ নিতে পারছেন না ধূপগুড়ির জয়ী প্রার্থী

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে অফিস যাত্রীদের নাকাল হতে হচ্ছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৮৮ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে সোমবার থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আরও পড়ুন   ক্যান্সারের মোকাবিলা করার প্রচার থামল ৩৫ বছরে, বিদায় বাস্তবের ‘আনন্দ’ নিকি নিউম্যান

পূর্বাভাস বলছে, বুধবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author