Home » রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত, টানাপোড়েনে জিতেও বিধায়ক পদে শপথ নিতে পারছেন না ধূপগুড়ির জয়ী প্রার্থী

রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত, টানাপোড়েনে জিতেও বিধায়ক পদে শপথ নিতে পারছেন না ধূপগুড়ির জয়ী প্রার্থী

সানী রায়,সময় কলকাতা, ১৯ সেপ্টেম্বর : রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় হয়তো বলা যাবে না। হয়তো সাংবিধানিক সংকটও বলা যাবে না। কারণ তিনি উলুখাগড়া নন, তিনি সাংবিধানিক ভাবে বিধানসভা কেন্দ্রে জিতে এসেছেন। রাজভবন-নবান্ন টানাপোড়েনে থমকে আছে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ! কয়েকদিন আগেই উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে ভোটে জেতেন নির্মলবাবু। তিনি পান ৯৬ হাজার ৯৬১টি ভোট। বিজেপি প্রার্থী পান ৯২ হাজার ৫৭৮টি ভোট। ৪ হাজার ৩৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত উপনির্বাচনে জেতার পর ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেসব দুরস্ত। রাজভবন ও নবান্নের টানাপোড়েনে নির্মলবাবুর শপথগ্রহণ থমকে রয়েছে বলে অভিযোগ উঠছে।

উল্লেখ্য , উপনির্বাচনের ফল ঘোষণার পরদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর নির্মলচন্দ্র রায়ের শপথ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায় রাজ্যের পরিষদীয় দপ্তর। কিন্তু তারপর ১০ দিন কাটতে চললেও এবিষয়ে এখনও রাজভবন কিছু জানায়নি। সংবিধান মোতাবেক, বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন রাজ্যপাল। তবে রাজ্যপাল চাইলে নিজেও তা পাঠ করাতে পারেন। কিন্তু এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে বাইরে রয়েছেন। আবার শপথবাক্য পাঠ করানোর জন্য তিনি কাউকে দায়িত্বও দেননি। রাজভবনেই পড়ে রয়েছে বিধায়ক হিসেবে শপথের ফাইল। টানাপোড়েনে ভোটে জিতলেও আজও বিধায়ক হিসেবে শপথ নেওয়া হয়নি তৃণমূলের জয়ী প্রার্থীর। তবে রাজভবন সূত্রের খবর, রাজ্যপালের দু-তিনদিনের মধ্যে ফেরার সম্ভাবনা রয়েছে। কবে শপথগ্রহণ করেন নির্মলচন্দ্র রায়, এখন সেদিকেই তাকিয়ে ঘাসফুল শিবির।  ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ চাইছেন দ্রুত শপথ নিন জয়ী প্রার্থী । বিধায়ক যেন থেকেও নেই। বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে আছে ধূপগুড়ি।।

আরও পড়ুন :তাহলে কি পৃথক রাজ্য নয়, মহকুমার স্বীকৃতি চাইছে ধূপগুড়ি?

About Post Author