Home » বিশ্বকাপের আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে! অক্ষরের স্টোরি দেওয়া ও মোছা নিয়ে বাড়ছে জল্পনা

বিশ্বকাপের আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে! অক্ষরের স্টোরি দেওয়া ও মোছা নিয়ে বাড়ছে জল্পনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ সেপ্টেম্বর: দুটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে শোরগোল ক্রিকেট মহলে। স্ট্যাটাস দুটি করেছেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল।এশিয়া কাপে চোট পেয়ে সম্প্রতি যিনি ছিটকে গিয়েছেন বিশ্বকাপের দল থেকে। তাঁর জায়গায় দলে সুযোগ মিলেছে রবিচন্দ্রন অশ্বিন। তারপরেই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলেন অক্ষর। ২৪ ঘণ্টার মধ্যে মুছেও ফেললেন অক্ষর। কিসের ইঙ্গিত দিলেন ভারতের অলরাউন্ডার? বাড়ছে জল্পনা।

শুক্রবার দুটি আলাদা ইনস্টাগ্রাম স্টোরি দেন অক্ষর। দুটি ছবি পোস্ট করেছিলেন অক্ষর। প্রথম ছবিটিতে লাল ব্যাকগ্রাউন্ডের উপর লেখা ছিল, “আমার উচিৎ ছিল বাণিজ্যের পরিবর্তে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা।  এবং এমন একজনকে নিয়োগ করা যিনি আমার হয়ে ঢাক পেটাতে পারবেন।” লেখার শেষে ছিল একটি ভগ্ন হৃদয়ের ইমোজি। দ্বিতীয় ছবিতে দেখা যায় একটি কঙ্কাল একটি হৃদয় কেটে দুটি টুকরো করছে। কেন এরকম লিখলেন অক্ষর? কাকে ইঙ্গিত করলেন তিনি? শুরু হয় জল্পনা।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিনি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার খবর পেয়েছেন। দেশের হয়ে ক্রিকেটের সব থেকে বড় প্রতিযোগিতায় খেলতে না পারার হতাশা রয়েছে। কারণ বিশ্বকাপ একটা এমন মঞ্চ যেখানে আগামীর নায়ক তৈরি হয়। তার উপর এবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন অক্ষর। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে গড়ে তুলছিলেন তিনি। তবে এশিয়া কাপের ম্যাচে চোট পান। অনেকটা বাধ্য হয়েই তাঁর জায়গায় অশ্বিনকে দলে নেন সমর্থকরা। 

আরও পড়ুন: বিশ্বকাপের ভারতীয় দলে বিশাল রদবদল, দলে এলেন তারকা ক্রিকেটার

ঘটনাক্রমে অশ্বিন বিজ্ঞানের ছাত্র। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনেক সমর্থক রয়েছে। অশ্বিন প্রাথমিক দলে সুযোগ না পাওয়ায় যারা বেশ বিমর্ষ ছিল। তবে সম্প্রতি আশ্বিন দলে ফেরায় তাঁরাও খুশি। এমনকি ভারত অধিনায়কের সঙ্গে অশ্বিনের মাঠের বাইরে রসায়নটিও মজবুত। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় অতটা সক্রিয় নন অক্ষর। তাই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিটি কি অশ্বিনের উদ্দ্যেশ্যে? নেটিজেনদের একাংশ এমন প্রশ্ন তুলেছেন। 

যদিও ইনস্টাগ্রাম স্টোরিটি দেওয়ার কিছু সময় পর সেটি মুছে দেন অক্ষর। অনেকের দাবি ভারতীয় ক্রিকেট বোর্ড ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে। বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৭ দিন। তার আগে এরকম ঘটনা দলের অন্দরে প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।

About Post Author