সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবর: বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে। শুক্রব্র ভোর রাতে মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি বহুতলে আগুন লাগে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মৃতের মধ্যে এক জন পুরুষ এবং বাকিরা মহিলা বলে জানা গিয়েছে। ৪৪ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় এইচবিটি এবং কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ছয় তলার ওই বহুতলে একসঙ্গে অনেক পরিবার থাকেন। ভোর রাতে যখন আগুন লাগে বহুতলটিতে, সেসময় সবাই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ মারা যান।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি তড়িঘড়ি বহুতলের ভিতরে থাকা ওই ৪৪ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলের পার্কিং লটে প্রথমে আগুন লেগেছিল। সেখানে বেশ কয়েকটি দোকান ছিল। ওই দোকানে এবং পার্কিং লটে বাইক ও গাড়িতে আগুন ছড়াতেই তা ভয়াবহ আকার ধারণ করে।
আরও পড়ুন নিম্নচাপের মেঘ কাটতেই দেখা মিলল রোদ ঝলমলে আকাশের

তবে, ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। উদ্ধারকাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে। তবে এদিন ঠিক কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা এখনও জানা সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের