অর্কজ্যোতি বন্দোপাধ্যায়, সময় কলকাতা, ১০ অক্টোবর: বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) নেদারল্যান্ডসকে (Netherlands Cricket Team) হারিয়ে দিল গতবারের রানার্স আপরা। ডাচদের বিরুদ্ধে ৯৯ রানে জিতল কিউয়িরা। শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ২২৩ রানে। ব্যাটে ৩৬ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা মিচেল স্যান্টনার (Mitchell Santner)।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিলেন টিম ল্যাথামরা। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে একপেশে ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে পরিস্কার হয়ে গিয়েছিল, বিশ্বকাপে অংশ নিতে নয়, ভারতে বিশ্বকাপ জিততে এসেছে তারা। চোটের জন্য খেলতে পারছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁকে ছাড়াই প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল কিউয়িরা। তবে প্রথম ম্যাচে সহজে জয় এলেও, অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জিততে হল ব্ল্যাক ক্যাপদের।

আরও পড়ুন: ১২৮ বছর পর, ঐতিহ্যের অলিম্পিক্সে প্রত্যাবর্তন ক্রিকেটের?
সোমবার টসে জিতে কিউয়িদের প্রথমে ব্যাট করতে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। গত ম্যাচে ১৫০ রান করা ডেভন কনওয়ে এই ম্যাচে বড় রান করতে পারেননি। ৪০ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর অপর ওপেনার উইল ইয়ংয়ের সঙ্গে জুটি গড়েন গত ম্যাচের নায়ক রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটের জুটিতে উঠল ৭৭ রান। ৮০ বলে ৭০ রানে ফেরেন ইয়ং। ৫১ বলে ৫১ রান করে থামেন রাচিন। মিডল অর্ডারে রান পেয়েছেন ড্যারিল মিচেল এবং অধিনায়ক লাথাম। মিচেলের ৪৮ ও লাথামের ৫৩ রানের সৌজন্যে লড়াই করার মত জায়গায় চলে যায় নিউজিল্যান্ড। তবে দলের হয়ে সব থেকে কার্যকরী ইনিংসটি খেলেন স্যান্টনার। তাঁর ১৭ বলে তাঁর ৩৬ রানের জন্য ৩০০ রানের গণ্ডি পেরোতে পারে কিউয়িরা। তাদের ইনিংস শেষ হয় ৭ উইকেট হারিয়ে ৩২২ রানে।

তিনশোর উপর রান তাড়া নেদারল্যান্ডসের পক্ষে সহজ ছিলনা। তবু নিজের সামর্থ মত লড়াই করে কমলা ব্রিগেড। ডাচদের হয়ে সর্বোচ্চ রান করেন কলিন অ্যাকারম্যান। ৭৩ বল খেলে ৬৯ রান করেন তিনি। টপ এবং মিডল অর্ডারের ব্যাটারেরা কেউ বড় রান করতে পারেননি। তবে নিজের মতো অবদান রেখেছেন। কিউয়িদের হয়ে দুরন্ত বল করেন মিচেল স্যান্টনার। তাঁর স্পিনের সামনে কেউ বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ ওভারে ৫৯ রান খরচ করে ৫ উইকেট নেন স্যান্টনার। বল হাতে সফল ম্যাট হেনরিও। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এই জয়ের ফলে ২ ম্যাচে ২ টি জয় পেয়ে লিগ তালিকার শীর্ষেই রইল নিউজিল্যান্ড।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?