সম্রাট চট্টোপাধ্যায়, সময় কলকাতা, ১০ অক্টোবর: এশিয়ান গেমসের পর এবার অলিম্পিক্সে দেখা যাবে বাইশ গজের যুদ্ধ? সেইদিকে আরও একধাপ এগোলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। সম্প্রতি আইসিসি সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্য কয়েকটি খেলার সঙ্গে ক্রিকেটের নামও প্রস্তাব করা হয়েছে উদ্যোক্তাদের (লা ২৮) পক্ষ থেকে। ক্রিকেটকে ঐতিহ্যের অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার ব্যাপারে গত দুই বছর ধরে আইসিসি ও লা ২৮-এর উদ্যোক্তারা লাগাতার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। অবশেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশের সঙ্গে ক্রিকেটের নামও প্রস্তাব করা হয়েছে। এখন শুধু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদনের অপেক্ষা।

১৯০০ সালে অলিম্পিক্সে শেষবারের মত হয়েছিল ক্রিকেট। সব কিছু ঠিক থাকলে আবার ১২৮ বছর পর অলিম্পিক্সে প্রত্যাবর্তন করতে চলেছে ক্রিকেট।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জর্জ বার্কলে জানিয়েছেন, ‘এলএ২৮ অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করায় আমরা খুশি। যদিও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ একটা মাইলফলক। প্রায় এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবার অলিম্পিক্সে ক্রিকেট দেখতে যাচ্ছি আমরা।’ জানা গিয়েছে, অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে খেলা হবে টি-২০ ফরম্যাটে। এশিয়ান গেমসের মত নারী পুরুষ উভয় বিভাগের খেলা হবে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৬ টি দল সরাসরি খেলার ছাড়পত্র পেয়ে যাবে।

আরও পড়ুন আইসিসির কোপের মুখে ‘ভারতের ৬৯ নম্বর জার্সির ক্রিকেটার’
বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তার পরিধি আরও বাড়াতে অলিম্পিক্স একমাত্র পথ। তাই ক্রিকেটকে ঐতিহ্যের অলিম্পিক্স গেমসে অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা আইসিসি। তবে আইওসির অনুমোদন মেলেনি। তবে জানা গিয়েছে পুঁজির কথা চিন্তা করে এবার অলিম্পিক কমিটিও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহী। এর পিছনে ভারতেরও অবদান রয়েছে। ভারতীয় সম্প্রচার বাজার দ্রুত ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছেI প্রতিযোগিতা থেকে লাভের আশায় এটাকে পাখির চোখ করছেন উদ্যোক্তারা।

জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক্স গেমসের সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছিল ২০ মিলিয়ন ডলারে। যদি ক্রিকেট এই তালিকায় জায়গা করে নেয়, তাহলে আগামী ২০২৮ এলএ অলিম্পিক্স এবং পরবর্তী ২০৩২ ব্রিসবেন অলিম্পিক্সের সম্প্রচার স্বত্ব প্যারিসের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। তাহলে, অবশেষে অলিম্পিক্সে কি দেখা যাবে ক্রিকেট? ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর যেই অধিবেশন বসতে চলেছে ভারতের মুম্বাইয়ে। বিশ্বকাপ চলাকালীন অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানাজানি হতেই তাকে স্বাগত জানিয়েছে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?