Home » রোহিতের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তান ম্যাচের আগে আফগানিস্তানকে হেলায় হারাল ভারত

রোহিতের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তান ম্যাচের আগে আফগানিস্তানকে হেলায় হারাল ভারত

অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ১১ অক্টোবর: পাকিস্তানের (Pakiatan Cricket Team) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে আগে দুরন্ত ছন্দে ভারত (Indian Cricket Team)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) আফগানিস্তানকে (Afganistan Cricket Team) হেলায় হারালেন রোহিতরা (Rohit Sharma)। জয়ের পাশাপাশি ভারতকে স্বস্তি দিচ্ছে টপ অর্ডার। আফগানদের বিরুদ্ধে রোহিতের ঝোড়ো ইনিংস। অর্ধ শতরান করেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। সব মিলিয়ে বাড়তি মনোবল নিয়ে আহমেদাবাদের উদ্দ্যেশ্যে রওনা দেবেন রোহিতরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে বেশ নাকানি চোবানি খেতে হয়েছিল ভারতীয় ব্যাটারদের। প্রথম তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গিয়েছিলেন রানের খাতা না খুলে। দলের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলেছিল ভারতের থিঙ্ক ট্যাঙ্কের কপালে। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, “কেউ চায় না নিজের ইনিংসটা এই ভাবে শুরু করতে”। কিভাবে নিজের ইনিংস শুরু করতে হয়? সেটা ভারত অধিনায়ক দেখালেন বুধবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। আফগান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। ফারুকী, মুজিব, নবীন, ওমর কাউকেই রেয়াত করলেন না ভারত অধিনায়ক। স্বকীয় ভঙ্গিতে একের পর এক বল পাঠালেন মাঠের বাইরে। মাত্র ৬৩ বলে পূর্ণ করলেন শতরান। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ শতরানের তালিকায় ছাড়িয়ে গেলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে। এটা নিয়ে বিশ্বকাপের মঞ্চে সপ্তম শতরান করলেন রোহিত। ৮৪ বলে ১৩১ রানে থামল ভারত অধিনায়কের রাজকীয় ইনিংস। মারলেন ১৬ টি চার ও ৫ টি ছয়। তাঁকে ফেরালেন অভিজ্ঞ আফগান স্পিনার রশিদ খান। শুধু রোহিত নন, ফর্মে ফিরলেন আর এক ওপেনার ঈশান কিষান। ৪৪ বলে ৪৪ রান করেন ঈশান। রোহিতের সঙ্গে জুটিতে করেন ১৫৬ রান। ঘরের মাটিতে রান পেয়েছেন বিরাট কোহলি। ৫৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ‘দিল্লির চিকু’। শ্রেয়স আইয়ার ২৩ বলে ২৫ রানে অপরাজিত রইলেন। ২৭৩ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে ভারতের লাগল মাত্র ৩৫ ওভার। হারাতে হল মাত্র ২ টি উইকেট। চলতি বিশ্বকাপ যেই ফরম্যাটে হচ্ছে, সেখানে জয়ের পাশাপাশি রান রেট বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। সেই লড়াইয়ে বাকিদের থেকে কিছুটা এগিয়ে গেলেন রোহিতরা।

আরও পড়ুন: মোহনবাগান (Mohun Bagan) ম্যাচের সময় সূচি বদল, কখন শুরু হবে ম্যাচ? জেনে নিন….

বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেন আফগান অধিনায়ক হসমতুল্লা শাহিদি। দিল্লির পিচে যেকোনও দল টসে জিতে বোলিং করতে চাইবেন। কারণ দিল্লির পিচ এমনিতেই ব্যাটিং সহায়ক। তার উপর শিশির পড়লে পিচের আর কোনও সাহায্য বোলারদের মিলবে না। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করে ৮ উইকেটে ২৭২ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করলেন হসমতুল্লা। ৮৮ বলে ৮০ রান করেন আফগান অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গ দেন আজমতুল্লাহ ওমরজাই। ৬৯ বলে ৬২ রান করলেন তিনি। এই দুজনের ১২১ রানের জুটি আফগানদের লড়াই করার মত জায়গায় নিয়ে যায়। ভারতের হয়ে ৪ টি উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা। হার্দিক পেয়েছেন ২ টি উইকেট। কুলদীপ ও শার্দূল পেয়েছেন ১ টি করে উইকেট। তবে এই ম্যাচে ব্যর্থ মহম্মদ সিরাজ। ৯ ওভার বলে করে ৭৬ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি।

About Post Author