স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অক্টোবর: জোড়া ম্যাচ জিতে ইতিমধ্যে লিগ তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড (New Zealand Cricket Team)। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে কিউয়িরা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে (Netherlands Cricket Team) হারিয়েছে তারা। যদিও চোটের জন্য গত দুটি ম্যাচে খেলতে পারেননি দলের সেরা দুই অস্ত্র কেন উইলিয়ামসন (Kane Williamson)ও টিম সাউদি (Tim Southee)। তাতে ম্যাচ জিততে কোনও অসুবিধে হয়নি ব্ল্যাক নিউজিল্যান্ডের। যদিও প্রিয় তারকাদের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হয়েছে সমর্থকদের। তবে আর বেশি দিনের অপেক্ষা নয়। খুব জলদি চোট সারিয়ে ফিরছেন নিউজিল্যান্ড তারকা।

আইপিএলের শুরুতেই হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। গোটা আইপিএলে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেও তাঁর পরিষেবা পাওয়া যায়নি। তাঁকে খেলানোর ঝুঁকিও নেয়নি দল। অপরদিকে বিশ্বকাপের শুরুতে আঙুলে চোট পেয়েছিলেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। তিনিও প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। তবে কালো জার্সিদের জন্য সুখবর। জানা গিয়েছে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন দুই কিউয়ি তারকা। জানা গিয়েছে আগামী বাংলাদেশ ম্যাচেই দলে ফিরবেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলছেন, ‘চোট সারিয়ে প্রত্যাবর্তনের সফরটা অনেক দীর্ঘ ছিল আমার কাছে। আমি খুশি বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে পেরে। আমি উত্তেজিত হচ্ছি এটা ভেবে আগামীকাল ম্যাচে আমি খেলব।’ উইলিয়ামসন ফিরলেও বাংলাদেশ ম্যাচে দল পাবে না টিম সাউদিকে। আগের থেকে সুস্থ হয়ে উঠলেও এখনও ম্যাচ ফিট হতে সময় লাগবে তাঁর। খেলার আগের দিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

আরও পড়ুন: আফগানিস্তান ম্যাচে কতগুলি বিশ্বরেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?
আগামী শুক্রবার মাঠে নামছে এই মুহুর্তে লিগ শীর্ষে থাকা নিউজিল্যান্ড। প্রতিপক্ষ বাংলাদেশ। খেলা হবে চেন্নাইয়ের চিপকে। উপমহাদেশের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের উপর সবার নজর রয়েছে। আফগানদের হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল বাংলা টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ তাঁদের জন্য। তবে নিউজিল্যান্ডের অধিনায়কের প্রত্যাবর্তনে কাজটি যথেষ্ট কঠিন হতে চলেছে সাকিব বাহিনীর জন্য।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার