স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অক্টোবর: একদিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারাটা অভ্যেসে পরিণত করেছে পাকিস্তান। যদিও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আবেগের কোনও পরিবর্তন ঘটেনি। শনিবারও সেই আবেগ ও উচ্ছাসের টের পাওয়া গেল। টানটান উত্তেজনার ম্যাচ অবশ্য দেখা গেল না। প্রথম থেকে দাপট দেখিয়ে জয় পেলেন রোহিত শর্মারা। এই জয়ের ফলে একদিনের বিশ্বকাপে ৮-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। যদিও ম্যাচ শেষে সৌহার্দ্যপূর্ণ একটি মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা স্টেডিয়াম। বিরাট কোহলির থেকে জার্সি উপহার নিতে দেখা গিয়েছে পাক অধিনায়ক বাবর আজমকে। ঘটনার ভিডিও এখন ঘুরছে দুই দলের সমর্থকদের সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের (Wasim Akram) তোপের মুখে পড়তে হল বর্তমান অধিনায়ককে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, “প্রকাশ্যে জার্সি উপহার নেওয়া বাবরের উচিৎ হয়নি।”

দু’দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক বিবাদ রয়েছে। তবে সেই বিবাদের আঁচ খেলার মধ্যে পড়তে দেননা ক্রিকেটাররা। বিশেষ করে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। তাই এশিয়া কাপে ভারত পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কোহলিকে দেখা যায় পাক খেলোয়াড়দের সঙ্গে হাসি মস্করা করতে। আবার সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া জসপ্রীত বুমারার হাতে উপহার তুলে দেন শাহীন শাহ আফ্রিদি। অতীতেই এরকম অনেক মুহূর্ত তৈরি হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার বাড়-বাড়ন্ত না থাকায় তা প্রকাশ্যে আসেনি। শনিবার আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর এরকম একটি দৃশ্য দেখা গেল। মাঠের ভিতর কোহলি দুটি জার্সি উপহার দিলেন বাবর আজমকে।

আরও পড়ুন: ভারত পাক ম্যাচ শেষে সচিন-শোয়েব (Sachin-Shoaib) ডুয়েল, জিতলেন কে?
এই ঘটনা যদিও ভালোভাবে দেখছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। প্রাক্তন পাক পেসার বলছেন,”বিরাটের থেকে বাবরের জার্সি নেওয়ার ঘটনা আমি দেখেছি। সকলেই ঘটনাটি দেখেছে। তবে তোমাদের হতাশাজনক পারফরম্যান্স সমর্থকদের ব্যথিত করেছে। সেই সময় খোলা মাঠে জার্সি উপহার গ্রহণ করা সঠিক কাজ হয়নি। হতেই পারে তোমার প্রিয়জন কোহলির জার্সি চেয়েছে। ম্যাচের শেষে ড্রেসিংরুম থেকেও সেটা তুমি নিতে পারতে।”


More Stories
এশিয়ান প্যারা গেমসে ভারতের ১৪ টি সোনা
আবার হার বাংলাদেশের, ফাইনালে আফগানিস্তান -জিম্বাবুয়ে
বাইশ গজে দুরন্ত ছন্দে ভারতের মেয়েরা