Home » ICC World Cup 2023: অবশেষে তৃতীয় ম্যাচে প্রথম জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার

ICC World Cup 2023: অবশেষে তৃতীয় ম্যাচে প্রথম জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অক্টোবর: অবশেষে তৃতীয় ম্যাচে শাপমুক্তি। চলতি বিশ্বকাপে প্রথম জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সোমবার লখনউয়ে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল অজিরা। প্রথমে ব্যাট করে ২০৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুরন্ত শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। পথুম নিসঙ্ক এবং কুশল পেরেরার দাপটে অসহায় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার বোলারদের। অনেক চেষ্টা করেও এই দুই ওপেনারকে বাগে আনতে পারছিলেন না মিচেল স্টার্ক, জশ হেজলউড এবং প্যাট কামিন্স সমৃদ্ধ অজি বোলিং লাইনআপ। একটা সময় মনে হয়েছিল বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ধাক্কা দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। ৬১ রানে ফেরান পথুম নিসঙ্ককে। ৭৮ রানে কুশল পেরেরাকেও ফেরান কামিন্স। দুই ওপেনারের বিধ্বংসী ফর্ম দেখে অনেকে রবিবারের আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচকে স্মরণ করছিলেন। তবে আদতে দেখা গেল ভারত ও পাকিস্তান ম্যাচের চিত্রনাট্য। তাসের ঘরের মত ভেঙে পড়ল দ্বীপরাষ্ট্রের মিডল ও লোয়ার অর্ডার। চরিত আসালঙ্ক ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারলেন না। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ৪৭ রান দিয়ে নিলেন ৪ উইকেট। কামিন্স ও স্টার্কের ঝুলিতে গেল ২ টি করে উইকেট। ১ টি উইকেট নিলেন ম্যাক্সওয়েল। ৪৩.৩ ওভারে ২০৯ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস।

আরও পড়ুন: ২০২৮ অলিম্পিক্সে রাজকীয় প্রত্যাবর্তন রাজার খেলার…

বল হাতেও ইতিবাচক শুরু করে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে ওয়ার্নার ও স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে জোর ধাক্কা দেন দিলশন মদুশঙ্ক। ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে এরপর খেলা থেকে হারিয়ে যায় লঙ্কার বোলাররা। সেই সুযোগে তৃতীয় উইকেটে জুটি গড়েন মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ৫৭ রান। প্রথম দুই ম্যাচে রান না পেলেও এই ম্যাচে রানে ফিরলেন মিচেল মার্শ। ৫১ বলে ৫২ রান করেন তিনি। ৪০ রানে ফেরেন লাবুশেন। এরপর দলের হাল ধরেন জস ইংলিস। ৫৯ বলে ৫৮ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি।

অপরাজিত থেকে বাকি কাজটি করলেন ম্যাক্সওয়েল ও স্টোইনিস জুটি। গ্লেন ম্যাক্সওয়েল ৩১ রান ও মার্কাস স্টোইনিস ২০ রান করেন। ৩৫.২ ওভারে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা।

About Post Author