Home » ২০২৮ অলিম্পিক্সে রাজকীয় প্রত্যাবর্তন রাজার খেলার…

২০২৮ অলিম্পিক্সে রাজকীয় প্রত্যাবর্তন রাজার খেলার…

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অক্টোবর: অবশেষে জল্পনা সত্যি হল। ২০২৮ লস অ্যাঞ্জেলস (Los Angeles 2028) অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেট। সোমবার আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার (International Olympic Committee) পক্ষ থেকে সরকারিভাবে এই খবরে সিলমোহর দিল। বিশ্বকাপের মধ্যেই সোমবার মুম্বইতে অধিবেশনে বসেন আইওসি কর্তারা। সেই অধিবেশনেই এই সিধান্ত নেওয়া হল। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হল। খেলা হবে টি-২০ ফরম্যাটে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসেও এই একই ফরম্যাটে খেলা হয়েছিল। বিশ্বকাপ চলায় বিশ্বের সব প্রথম সারির দল এখন রয়েছে ভারতে। আইওসির নেওয়া এই সিদ্ধান্তে খুশি হয়েছেন সকলে।

এই প্রথমবার নয়, এর আগেও অলিম্পিক্সের মঞ্চে ক্রিকেট আয়োজিত হয়েছিল। সেটা হয়েছিল ১৯০০ সালে। সেবার মোট দুটি দল ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান গ্রেগ বার্কলেও (Greg Barclay) ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, ‘ অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছে আইসিসি। আগামী লস অ্যাঞ্জেলেস ২০২৮ এ এই দুর্দান্ত খেলাটি বিশ্বে সামনে প্রদর্শন করার সুযোগ পাবেন আমাদের ক্রীড়াবিদরা। আশা করি, ভবিষ্যতে অলিম্পিক্সেও এই সুযোগটা আমরা পাব।’ 

আরও পড়ুন:ইংরেজ মস্তিষ্কেই ইংল্যান্ড বধ, একদিনের বিশ্বকাপে বিরল রেকর্ড আফগানিস্তানের

দীর্ঘ চার দশক পর অলিম্পিক কমিটির অধিবেশন বসেছিল ভারতে। সেই অধিবেশনে ঐতিহাসিক এই সিদ্ধান্তটি গ্রহণ করা হল। ক্রিকেটের পাশাপাশি আরো চারটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাগুলি হল, স্কোয়াশ (Squash), বেসবল (Baseball), ফ্ল্যাগ ফুটবল (Flag Football) ও ল্যাক্রোশ (Lacros)। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আইওসির অন্যতম সদস্য নীতা আম্বানি। তিনি বলেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি ইতিবাচক সিদ্ধান্ত। এরফলে অলিম্পিক্সের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বিশ্বের দরবারে।’ ক্রিকেট-সহ মোট পাঁচটি খেলা জায়গা করে নিল ২০২৮ সালের অলিম্পিক্সের ক্রীড়া তালিকায়। তবে অলিম্পিক্স আয়োজকদের মন জয় করতে ব্যর্থ হল ব্রেক ড্যান্স (Break Dance)।

About Post Author