স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবর: ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ওড়িশার বিরুদ্ধে ডাগআউটে ফিরেছিলেন কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানভিচ। কোচের প্রত্যাবর্তনের ম্যাচে জয় কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC)। আইএসএলে (ISL) ওডিশা এফসিকে (Odisha FC) ২-১ গোলে হারিয়েছে তাঁরা। এক গোলে পিছিয়ে থাকার পর দুই গোল করে জিতেছে কেরালার দলটি। কেরালা ব্লাস্টার্সের হয়ে দিমিত্রি ডায়মান্তাকস এবং আদ্রিয়ান লুনা গোল করেন। ওডিশার হয়ে গোলটি করেন দিয়েগো মৌরিসিও।

ইন্ডিয়ান সুপার লিগে স্বস্তির জয় পেল কেরালা ব্লাস্টার্স। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সের্গিও লোবেরার ওড়িশার মুখোমুখি হয় কেরালা। প্রথম বড় সুযোগটি পেয়ে যায় কেরালা। নাওচার পিনপয়েন্ট ক্রস থেকে গোলে বল রাখেন রাহুল কেপি। তবে ওড়িশার ডিফেন্ডার জেরি সজাগ থাকায় বিপদ বাড়েনি। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৪ মিনিট পর্যন্ত। তবে প্রথম গোলটি পায় ওড়িশা। রক্ষণ চেরা পাস থেকে ওড়িশাকে এগিয়ে দেন দিয়েগো মৌরিসিও। ১৮ মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় ওড়িশা। কেরালার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকার সময় বাঁধা পান ইসাক রালতে। জাহুর ২৫ মিটারের ফ্রিকিক বাঁচিয়ে দেন কেরালা গোলরক্ষক সচিন সুরেশ। ফিরতি বল কেরালার রক্ষণভাগের এক ফুটবলারের হাতে লাগায় ওড়িশাকে পেনাল্টি দেন রেফারি। যদিও পেনাল্টি থেকে দলের ব্যবধান বাড়াতে পারেননি দিয়েগো মৌরিসিও। ঘরের মাঠে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে হলুদ জার্সিধারীররা। প্রথমার্ধে স্কোরবোর্ডে আর পরিবর্তন হয়নি। ওড়িশা ১-০ গোলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ম্যাচের নায়ক কেরালার গোলরক্ষক। বেশ কয়েকবার অবধারিত পতনের হাত থেকে নিজের দলকে রক্ষা করেন তিনি।

আরও পড়ুন: ICC WORLD CUP 2023: সেয়ানে সেয়ানে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিশ্বকাপে বিপাকে পাকিস্তান
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য চেষ্টা চালাতে থাকে কেরালা। খেলার ৬২ মিনিটে কেরালা সমতায় ফেরে। সমতাসূচক গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা ডায়ামান্টাকোস। প্রথম গোল পেয়ে বেশ উজ্জীবিত হয়ে দেখায় কেরালা ব্রিগেডকে। ৭১ মিনিটে আরও একটি গোলের সুযোগ চলে আসে কেরলার সামনে। এই যাত্রায় ওড়িশাকে বিপদমুক্ত করেন থোইবা। দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হয়। একদিকে ঘরের মাঠে আরও একটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা। অপরদিকে ওড়িশাও চেষ্টা চালাতে থাকে গোল করার। বেশ কয়েকটি পরিবর্তন করেন দুই দলের কোচ। তবে আক্রমণ প্রতি আক্রমণে শেষ হাসি হাসে কেরালা। ৮৩ মিনিটে কেরালার হয়ে অনবদ্য গোল করেন আদ্রিয়ান লুনা। ওড়িশার গোলরক্ষক অমরিন্দরের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে গোল শোধের জন্য চেষ্টা করে ওড়িশা। তবে সফল হয়নি। ঘরের মাঠে ৩ পয়েন্ট পেয়েই মাঠ ছাড়লেন প্রীতম কোটালরা।

এই জয়ের ফলে মোহনবাগানকে টপকে ২ নম্বরে উঠে এল কেরালা। ৫ ম্যাচে তাঁদের পয়েন্ট ১০। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একনম্বরে রয়েছে এফসি গোয়া। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার তিন নম্বরে রয়েছে মোহনবাগান।


More Stories
নিজের ওজনের চেয়ে তিনগুন ওজন তুলে রেকর্ড জলপাইগুড়ির কেয়ার
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়