সম্রাট চট্টোপাধ্যায়, সময় কলকাতা, ১ নভেম্বর: টানা চার ম্যাচ হারার পর অবশেষে ইডেনে স্বস্তির জয় পাকিস্তানের। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশকে হারাল তারা। মঙ্গলবার প্রায় একপেশে ম্যাচে ৭ উইকেটে জিতলেন বাবরেরা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩২.৩ ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। আর হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে।

ক্রিকেটের নন্দন কাননে মেগা ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। চলতি বিশ্বকাপে ইডেন গার্ডেনে এটিই ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। তবে সেদিনের থেকে পাকিস্তান বাংলাদেশের ম্যাচের উন্মাদনা ছিল অনেক বেশি। কারণ, এই ম্যাচে যেই দল জিতবে তারা বিশ্বকাপে টিকে থাকবে। আর যে দল হারবে তাদের জন্য এবারের মত বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে। ম্যাচ শুরু হওয়ার আগে ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজালেন পাক কিংবদন্তি ওয়াকার ইউনিস। ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয় বাংলাদেশ। টস জয়ের ফায়দা তুলতে ব্যর্থ হয় বেঙ্গল টাইগাররা। প্রথম ছয় ওভারের মধ্যে ৩ টি উইকেট হারায় বাংলাদেশ শিবির। নতুন বলে ইডেনে ঝড় তোলেন শাহীন শাহ আফ্রিদি। তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা দেখাচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের।
আরও পড়ুন অপ্রতিরোধ্য পরাগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার
চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লিটন দাস ও মাহমুদুল্লা। দুজনে মিলে ৭৯ রানের ইনিংস খেলেন। ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করার আগে আউট হন লিটন। ৪৫ রান করেন তিনি। মাহমুদুল্লার ব্যাট থেকে এল ৫৬ রান। দ্বিতীয় স্পেলে শাহীনের বলে বোল্ড হন তিনি। এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করলেন সাকিব। ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তবে তিনি যে এখনও ছন্দে নেই সেটা বোঝাই যাচ্ছিল। ৪৩ রান করতে খরচ করলেন ৬৩ টি বল। বাংলাদেশ অধিনায়ককে সাজঘরে ফেরান হ্যারিস রউফ। শেষে দিকে মেহদী হাসানের ২৫ রান ছাড়া আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট নিলেন শাহীন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম। ২ টি উইকেট নিলেন হ্যারিস রউফ।

রান তাড়া করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার। অনেকদিন পর প্রথম দলে সুযোগ পেয়েছিলেন ফখর জামান। তিনি যে ফুরিয়ে যাননি সেটা সুযোগ পেয়েই প্রমাণ করলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন অপর ওপেনার আবদুল্লা শফিক। দুই ওপেনারের সৌজন্যে ২১ ওভারে ১২৮ রান তোলেন দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধ শতরান করেন দুই ওপেনার। এদিন বাংলাদেশের বোলারদের মধ্যে নজর কাড়েন একমাত্র মেহেদী হাসান। ৬৮ রানের মাথায় শফিককে ফেরান তিনি। শুরুটা ভালো করেও দ্রুত আউট হন পাক অধিনায়ক বাবার আজম। এবারও উইকেট নেন সেই মেহেদী। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারান ফখর জামান। মেহেদীর বলে ৮১ রানে আউট হন তিনি। ৩ উইকেট হারালেও পাকিস্তানের জয় আটকায়নি। চতুর্থ উইকেটে দলকে জয় এনে দেন মহম্মদ রিজওয়ান-ইফতিখার আহমেদ জুটি। রিজওয়ান ২৬ রানে ও ইফতিখার ১৭ রানে অপরাজিত থাকেন। হার নিশ্চিত বুঝতে পেরে শেষের দিকে হাল ছেড়ে দেন বাংলাদেশের ক্রিকেটাররা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়