Home » ICC World Cup 2023: নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াল আফগানিস্তান

ICC World Cup 2023: নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ নভেম্বর: বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল আফগানিস্তান। শুক্রবার লখনউয়ের একনা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল আফগানরা। প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে শেষ হয়ে যায় ডাচদের ইনিংস। জবাব ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় আফগানিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল আফগানরা। 

বিশ্বকাপের শেষ চারে ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার শেষ চারে ওঠা নিয়েও খুব একটা সংশয় নেই। বাকি দুটি দল হিসেবে কারা উঠবে শেষ চারে? লড়াইয়ে রয়েছে মোট চারটি দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার নেদারল্যান্ডসকে হারিয়ে বাকি তিন দলের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করলেন রশিদ খানেরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয় নেদারল্যান্ডস। ইনিংসের শুরুতেই উইকেট হারায় ডাচরা। মুজিবের বলে আউট হয়ে ফেরেন ওপেনার ওয়েসলি বারেসি। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় কমলা শিবির। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ম্যাক্স ওদাউদ ও কলিন অ্যাকারম্যান। ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফেরেন ওদাউদ। অ্যাকারম্যান ফিরলেন ব্যক্তিগত ২৯ রানে। চার নম্বরে নেমে ডাচদের ইনিংসের সর্বোচ্চ রান করলেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট। তাঁর ব্যাট থেকে এল ৮৬ বলে ৫৮ রান। ৪ টি চার মারলেন তিনি। এরপর আর বড় রানের জুটি গড়তে পারেনি ডাচরা। মিডল অর্ডারে ক্রমাগত উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। তাদের চারজন ব্যাটার এদিন পরপর রান আউটের শিকার হন। আর বাকি কাজটা করলেন দুই আফগান স্পিনার নূর আহমেদ ও মহম্মদ নবি। তাঁদের দাপুটে স্পিন বোলিংয়ের সামনে ১৭৯ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। অভিজ্ঞ নবি ৩ টি ও তরুণ নূর ২ টি উইকেট নিলেন।

­আরও পড়ুন: ICC World Cup 2023: বিশ্বকাপে জোর ধাক্কা নিউজিল্যান্ডের, চোট পেয়ে ছিটকে গেলেন দলের গুরুত্বপূর্ণ তারকা

১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উইকেট হারায় আফগানিস্তান। গুরবাজ ১০ রান করে ফেরেন। ইব্রাহিম করেন ২০ রান। দুই উইকেট হারালেও চাপে পড়েনি আফগানরা। এরপর দলের হাল ধরেন রহমত শাহ এবং হাসমতউল্লাহ শাহিদি। ৫৪ বল খেলে ৫২ রানে ফেরেন রহমত। তবে তিনি আউট হলেও দলকে জিতিয়ে ফেরেন অধিনায়ক হাসমতউল্লাহ। তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। শেষের দিকে তাঁকে সঙ্গ দেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি অপরাজিত থাকেন ৩১ রানে। ৩১.৩ ওভারে জয় পেয়ে যায় আফগানরা।

আগামী মঙ্গলবার বিশ্বকাপের মরণ বাঁচন ম্যাচে নামবে আফগানরা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এই বিশ্বকাপে চারটি ম্যাচ জেতার পাশাপাশি বড় বড় দলকে হারিয়েছে আফগানিস্তান। তাই অনেকটা আত্মবিশ্বাসকে সঙ্গী করে ওইদিন মাঠে নামবেন রশিদরা।

About Post Author