Home » ইতিহাসে প্রথমবার, জনতার স্টেডিয়ামে বসে খেলা দেখলেন রাজ্যপাল

ইতিহাসে প্রথমবার, জনতার স্টেডিয়ামে বসে খেলা দেখলেন রাজ্যপাল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ নভেম্বর: রাজ্যপালের কোটার টিকিট প্রত্যাখ্যান করে, জনতার স্টেডিয়ামে বসে খেলা দেখলেন রাজ্যপাল সি. ভি আনন্দ বোস। রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচকে কেন্দ্র করে কলকাতাবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মত। কারণ প্রায় দুই দশক পর একদিনের বিশ্বকাপে ক্রিকেটের নন্দন কাননে খেলল ভারত। তার উপর রবিবার ছিল বিরাট কোহলির ৩৬ তম জন্মদিন। সব মিলিয়ে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে মাঠে বসে খেলা দেখার সুযোগ হয়নি অনেক ক্রিকেটপ্রেমীর।

টিকিটি নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল। কালোবাজারির মত মারাত্মক অভিযোগ উঠেছিল। টিকিট নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল উদ্যোক্তাদের বিরুদ্ধে। থানায় এনিয়ে অভিযোগও দায়ের করা হয়। এমনকি রাজভবনের অ্যান্টি কোরাপশন সেলেও টিকিট বিক্রি নিয়ে অভিযোগ জমা পড়েছে। সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে নিজের কোটার ৪ টি টিকিট ফিরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, খেলার দিন রাজভবনের দ্বার জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল। রাজভবনের লনে খেলা দেখার আয়োজন করা হয়। যার পোশাকী নাম দেওয়া হয় ‘জনতার স্টেডিয়াম’।

আরও পড়ুন: Asian Champions Trophy Hockey: চক দে ইন্ডিয়া, হকিতে দেশের মুখ উজ্জ্বল করল সোনার মেয়েরা

সেই প্রতিশ্রুতি রাখলেন রাজ্যপাল বোস। ম্যাচ দেখার আয়োজনে কোনও খামতি রাখেনি রাজভবন। রাজভবনের সামনের মাঠে খেলা দেখানোর জন্য বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। ধারাভাষ্য শোনার জন্য অত্যাধুনিক সাউন্ড সিস্টেমেরও বন্দোবস্ত ছিল। প্রায় ৫০০টি চেয়ার রাখা হয়েছিল দর্শকদের বসার জন্য। ভারতের নীল জার্সি পরেই সামনের সারিতে বসে জন সাধারণের সঙ্গে খেলা দেখেন রাজ্যপাল। বিরাটদের বিরাট ব্যবধানে জয় রাজভবনের লনে বসে উপভোগ করলেন দর্শকরা। যা রাজভবনের ইতিহাসে প্রথমবার।

ম্যাচ শেষে ভারতীয় দলকে শুভেচ্ছা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘দেশের জন্য মুহুর্তটা গর্বের। খেলাধূলার জন্যও গর্বের মুহুর্ত। ভারত অন্য কোনও দেশের থেকে পিছিয়ে নেই। এটা সমস্ত বাংলা-সহ ভারতবাসীর জয়’।

About Post Author