স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ নভেম্বর: বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। সোমবার দিল্লির স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেন সাকিবরা। প্রথমে ব্যাট করে ২৭৯ রানে শেষ হয়ে যায় লঙ্কা বাহিনীর ইনিংস। শতরান করেন চরিত আশলঙ্কা। তবে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রইল অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউটটা। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউটের’ শিকার হলেন লঙ্কার এই অভিজ্ঞ ক্রিকেটার। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ। ভারতের মাটিতে এবার বসেছে একদিনের বিশ্বকাপের আসর। প্রথম পর্বের খেলা প্রায় শেষের দিকে। তবে এই প্রতিযোগিতায় সমর্থকদের নিরাশ করেছে এশিয়ার তিন দল পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই দল তিনটির থেকে ভালো ক্রিকেট উপহার দিয়েছে আফগানিস্তান।

বর্তমানে যা পরিস্থিতি এশিয়ার মান রক্ষা করার দৌড়ে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বাকি দুটি দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। সোমবার সেই দুটি দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল একে অপরের। টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুতেই কুশল পেরেরার উইকেট হারায় লঙ্কা শিবির। তবে প্রাথমিক ধাক্কা সামাল দেন পাথুম নিশঙ্ক এবং কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি খেলেন দুজনে। তাঁদের এই জুটি ভাঙেন শাকিব। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরান কুশল মেন্ডিসকে। ৩০ বলে ১৯ রান করেন লঙ্কার অধিনায়ক। ঠিক পরের ওভারে আবার ধাক্কা খায় শ্রীলঙ্কা। এবার নিশঙ্ককে আউট করেন তানজিম হাসান। এরপর সমরবিক্রমার সঙ্গে দলের হাল ধরেন আশলঙ্কা। দলের রান যখন ১৩৫ তখন সমরাবিক্রমাকে আউট করেন সাকিব। তিনি ফিরতেই ম্যাচে নাটক। ২২ গজে আসতে সামান্য দেরি করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঠে নেমে তিনি দেখেন হেলমেটের স্ট্র্যাপটি ছিড়ে গিয়েছে। সেটি বদল করার নির্দেশ দেন ডাগআউটে। সেই সময়ে বাংলাদেশ আউটের আবেদন করতে থাকে। কারণ আইসিসির নিয়ম মেনে ২ মিনিটের মধ্যে ব্যাট হাতে পিচে উপস্থিত হতে পারেননি তিনি। সেই নিয়মকেই মান্যতা দেন রেফারি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথমবার টাইমড আউটের শিকার হন ম্যাথিউস। একটি বল না খেলেই সাজঘরে ফেরেন তিনি। একটা সময় মনে হয়েছিল ২০০ রানের গন্ডি পেরোতে পারবেনা শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কাকে লড়াই করার জায়গায় নিয়ে যান ধনঞ্জয় ডি’সিলভা এবং মাহিশ থিকশানা।

রান তাড়া করতে নেমে দুই ওপেনারকে দ্রুত হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ৯ রানে ফেরেন। লিটন ফিরলেন ২৩ রানে। যদিও বাংলাদেশ ইনিংসের ধস নামতে দিলেন না শাকিব আল হাসান ও নাজমুল হাসান শান্ত। তৃতীয় উইকেটে ১৬৯ রানের জুটি গড়েন দুজনে। তাঁদের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়ে যায় বাংলাদেশের। নাজমুল ব্যক্তিগত ৯০ রান করেন। সাকিব খেলেন ঝোড়ো ৮২ রানের ইনিংস। সাকিবকে আউট করেন সেই ম্যাথিউস। বাকি কাজটি করে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটাররা। একটা সময় ৭ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে দলকে জিতিয়ে দেন তৌহিদ হৃদয় এবং তানজিম হাসান।


More Stories
এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দুরন্ত ইস্টবেঙ্গলের এগিয়ে থেকে ড্র
জর্ডনে প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে
বারাসাতে বৃহস্পতিবারের মিনিডার্বি পিছিয়ে শনিবার